পিকআপ চালানো শেখা হলো না মনিরুলের
মনিরুল ইসলাম (৪০) পেশায় ট্রাক্টরচালক। ইচ্ছা ছিল জমানো টাকা দিয়ে একটি পিকআপ কিনবেন। তাই পিকআপ চালনা শিখতে চালকের সহকারী হিসেবে গিয়েছিলেন বরিশালে। কিন্তু সড়ক দুর্ঘটনায় মনিরুলের সেই স্বপ্ন চিরতরে ভেস্তে গেছে।
মনিরুল যে পিকআপে ছিলেন, সেটি বালুবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলমডাঙ্গা উপজেলার কুলপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী আলমগীর কবীর জানান, চুয়াডাঙ্গা থেকে আসা বালুবাহী একটি ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিল। একই দিক থেকে আসা একটি খালি পিকআপ ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত পিকআপের ভেতর থেকে মনিরুলের লাশ উদ্ধার করেন। তবে পিকআপচালক বকুল হোসেন পালিয়ে যান। হাঁপানিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা লাশটি উদ্ধার করে বিশেষ ব্যাগে ভরে ক্যাম্পে নিয়ে রাখেন।
পিরোজপুর গ্রামের মোহাম্মদ আলী জানান, তিনি মনিরুলের সঙ্গে ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করতেন। মনিরুল বেশ কিছুদিন ধরে বলছিলেন, ট্রাক্টর ছেড়ে পিকআপ চালাবেন এবং তিনি নিজেই পিকআপ কিনবেন। পিকআপ চালানোর নিয়মকানুন শিখতেই তিনি গত সোমবার কলাবাহী একটি পিকআপের সহকারী হিসেবে বরিশালে যান। সেখান থেকে ফেরার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চুয়াডাঙ্গার স্টেশনমাস্টার আতিকুর রহমান বলেন, পিকআপচালক রাত জেগে গাড়ি চালাচ্ছিলেন। ঘুমের ঘোরে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।