পিকআপ ভ্যান উঠে গেল চায়ের দোকানে, নিহত ১
মৌলভীবাজারের কমলগঞ্জের চিৎলিয়া আমতলা এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে একটি পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি চায়ের দোকানের ওপর উঠে যায়। এতে অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে জায়ফর মিয়া (৭৫) নামের এক বৃদ্ধ মারা যান।
পিকআপ চালানো শিখছিলেন চিৎলিয়া গ্রামের সায়াদ মিয়া (৫০)। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা যায়, গাড়ি চালানো শেখার সময় গতকাল বিকেলে সায়াদ মিয়া পিকআপ ভ্যানটি চায়ের দোকানের ওপর তুলে দেন। এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জায়ফর মিয়ার অবস্থা খারাপ হলে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সাইফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ খবর পেয়ে পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার পর থেকে সায়াদ মিয়া পলাতক।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, পিকআপটি জব্দ করে এই ঘটনায় মামলা হয়েছে। আর লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।