পিকআপের চাপায় নিহত দুই মোটরসাইকেল আরোহী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। আজ বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর সাওয়ালী এলাকার আলাউদ্দিন বেতু খানের ছেলে শফিকুল ইসলাম (৩০)। নিহত ও আহত অপর দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স আনুমানিক ২৮ বছর।
পুলিশ জানায়, কালিয়াকৈর শহর থেকে মোটরসাইকেলযোগে শফিকুল ইসলাম অপর দুই যুবককে সঙ্গে নিয়ে আজ সকালে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি পিকআপ ভ্যান। মোটরসাইকেলসহ ওই তিন যুবক মহাসড়কের ওপর পড়ে যান। ঘটনাস্থলেই নিহত হন শফিকুল ইসলাম ও অপর এক যুবক। গুরুতর আহত হন আরেকজন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল যায়। তারা নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন বলেন, নিহত শফিকুল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। নিহত অপর যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় পিকআপ ভ্যানটি আটক করা যায়নি।