কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার পিকআপচালক সহিদুল ইসলাম ওরফে সাইফুলকে (২২ ) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে হাইওয়ে পুলিশ।
আজ রোববার দুপুর দুইটার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইফুলকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন। শুনানি শেষে বিচারক রাজীব কুমার দেব তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৮ ফেব্রুয়ারি ভোরে পিকআপের চাপায় নিহত হন স্থানীয় ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাসিনাপাড়ার সুরেশ চন্দ্র সুশীলের পাঁচ ছেলে—অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। আহত হন তাঁদের আরও তিন ভাইবোন।
গত ৩০ জানুয়ারি বাবা সুরেশ চন্দ্র সুশীলের মৃত্যু হয়। ঘটনার দিন বাবার শ্রাদ্ধানুষ্ঠান শেষ করে সুরেশের ৯ ছেলেমেয়ে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এ সময় একটি পিকআপ তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই চার ভাইয়ের এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরেক ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় অক্ষত অবস্থায় বেঁচে যান সুরেশের মেয়ে মুন্নী সুশীল।
ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন পিকআপচালক সাইফুল। গত শুক্রবার রাতে তাঁকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরগাড়া এলাকার আলী জাফরের ছেলে।
পিকআপচালক সাইফুলের তিন দিনের রিমান্ডের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক শেফায়েত হোসেন প্রথম আলোকে বলেন, আগামীকাল সোমবার সকাল থেকে সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে চালক সাইফুল র্যাবের জিজ্ঞাসাবাদে পিকআপচাপায় পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেছিলেন, ভোরে ঘন কুয়াশায় বিপজ্জনক বাঁক দিয়ে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। পিকআপটি ছিল সবজিবোঝাই। কক্সবাজারের বাজার ধরার জন্য গাড়িটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন তিনি। গাড়িতে ছিল পিকআপমালিকের ছেলে তারেক ও তাঁর ভাগনে রবিউল। ঘটনার পর থেকে পিকআপমালিক চকরিয়ার পূর্ব বড়ভেওলার মাহমুদুল করিম, তাঁর ছেলে তারেক ও ভাগনে রবিউল আত্মগোপনে রয়েছেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক শেফায়েত হোসেন বলেন, পিকআপটি পুলিশি হেফাজতে রয়েছে। পিকআপমালিকসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।