
চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনের নালা থেকে তোলা কাদামাটি ছড়িয়ে পড়েছে সড়কে। এতে গাড়ি ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। এসপি কার্যালয় থেকে প্রায় আড়াই শ মিটার দূরে সড়কের বাদশা মিয়া পেট্রলপাম্প পর্যন্ত ছড়িয়ে রয়েছে কাদামাটি। সড়কের দুই পাশের ফুটপাতও কাদামাটিতে আড়াল হয়ে গেছে। মাটি থেকে বের হচ্ছে উৎকট গন্ধ। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন থেমে থেমে চট্টগ্রাম নগরে বৃষ্টি হয়। মঙ্গল ও বুধবার বৃষ্টিতে কার্যত নগরের ২ নম্বর গেট ও আশপাশের এলাকা তলিয়ে যায়। মঙ্গলবার রাত থেকেই নালা-নর্দমা পরিষ্কারের কাজ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন। নালা-নর্দমা থেকে তোলা কাদামাটি রাস্তার ওপরই রেখে দেওয়া হয়। বুধবারের বৃষ্টিতে আবার সেই মাটি পুরো রাস্তায় ছড়িয়ে পড়ে।
গতকাল সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, নালা-নর্দমার মাটিতে এসপি কার্যালয়ের সামনের সড়ক কাদাময় হয়ে আছে। কোথাও কোথাও কাদার স্তূপ জমেছে। আবার কোথাও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফুটপাতও সয়লাব হয়ে গেছে কাদায়। এই কাদার কারণে সড়ক ও ফুটপাত দিয়ে হাঁটা দায় হয়ে পড়েছে পথচারীদের।
এদিকে গতকাল বিকেলে গিয়েও একই অবস্থা দেখা যায়। ২ নম্বর গেট থেকে রিকশা নিয়ে প্রবর্তক মোড়ে আসছিলেন বেসরকারি চাকরিজীবী আসাদুল হক। তিনি প্রথম আলোর কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, গর্তের কারণে সড়কে চলাচল করাই তো কঠিন। এর সঙ্গে যুক্ত হয়েছে কাদামাটির যন্ত্রণা। নালা থেকে তোলা মাটি নিয়মিত সরিয়ে নিলে এই যন্ত্রণা পোহাতে হতো না।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক গত রাত নয়টায় প্রথম আলোকে বলেন, নালা-নর্দমা থেকে তোলা মাটি বাধ্য হয়েই ফুটপাত ও রাস্তার ওপর রাখতে হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনের নালা থেকে রাতে মাটি উত্তোলন করা হয়। পরদিন দুপুরের মধ্যেই তা সরিয়ে ফেলা হয়। এরপরও সেখানে কিছু কাদামাটি রয়ে গেছে। রোববার (আজ) সকালে আর কাদামাটি সেখানে থাকবে না। রাতের মধ্যেই তা অপসারণ করা হবে।