পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
ফাইল ছবি

‘আমি টাকাপয়সার লোভে রাজনীতি করি না, আমার রাজনীতি সাধারণ মানুষের জন্য কাজ করা। আপনাদের ভোটে টানা তৃতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী এলাকাসহ সুনামগঞ্জের হাওরাবেষ্টিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে আমি কাজ করছি।’

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার সৈয়দ দুলাল আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক নিজাম উদ্দিনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, জেলা পরিষদ সদস্য ভবনদাতা সৈয়দ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, সিলেট ল কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদ, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। পরে ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত আইসিটি ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রসঙ্গত, সুনামগঞ্জে রেললাইন সম্প্রসারণের পথ নিয়ে জেলার অপর পাঁচ সাংসদের সঙ্গে পরিকল্পনামন্ত্রীর মতবিরোধ চলছে।

এম এ মান্নান আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। সুনামগঞ্জের উন্নয়ন দেখে আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করে সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছি। আমার বিরুদ্ধে বদনাম করা হয়, আমি নাকি সব শান্তিগঞ্জে নিয়ে যাচ্ছি। শান্তিগঞ্জে আমার পৈতৃক ভিটা দান করে দিয়েছি। আমার কোথাও তেমন সম্পদ নেই। আমি আপনাদের আমানতের অমর্যাদা করিনি।’