পিটিয়ে মেরে ফেলা গোখরার ২৭টি ডিম থেকে ফোটানো হলো বাচ্চা
বাড়ির রান্নাঘরে গোখরা সাপটি দেখে তাৎক্ষণিক পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। সাপটি মারা যাওয়ার আগে সদ্য ডিম পেরেছিল মনে হওয়ায়, উৎকণ্ঠা নিয়ে চলছিল ঘরের মধ্যে থাকা সাপের বাচ্চার সন্ধান। তখন একটি গর্তে মেলে ২৭টি ডিম। ডিমগুলো তাৎক্ষণিক উদ্ধার করে সংরক্ষণ করা হয়। এরপর কৃত্রিমভাবে ডিম ফোটানোর ব্যবস্থা নিলে পাঁচ দিন পর ২৭টি গোখরার জন্ম হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক সংগঠন প্রাধিকার এ কাজের উদ্যোক্তা। আজ মঙ্গলবার ২৭টি ডিম থেকে বাচ্চা ফুটেছে। ২১ অক্টোবর ডিমগুলো উদ্ধার করা হয়েছিল। ডিম থেকে সদ্য ফোটা গোখরার বাচ্চাগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার প্রস্তুতি নিয়েছেন সংগঠনটির সদস্যরা।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাশে আজ সকালে সদ্য ডিম থেকে ফোটা বাচ্চাগুলো কিছুক্ষণের জন্য উন্মুক্ত স্থানে রাখা হয়। এ সময় সেখানে দেখা যায়, প্লাস্টিকের একটি পাত্রে রাখা গোখরার বাচ্চাগুলো। সেখানে ডিমের খোসাও ছিল। এরপর সেগুলো কয়েকটি পাত্রে স্থানান্তর করা হয়। সব কটি বাচ্চা বেশ তরতাজা ও সবল দেখা গেছে। মাত্র কয়েক ঘণ্টা বয়সের এসব গোখরার বাচ্চার কোনো কোনোটি ফণা তুলতেও সক্ষম হচ্ছে।
ডিম থেকে সদ্য ফোটা গোখরার বাচ্চাগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার প্রস্তুতি নিয়েছেন সংগঠনটির সদস্যরা।
প্রাধিকারের সদস্যরা বলেন, ২১ অক্টোবর বিকেলে সিলেট শহরতলির শাহপরান এলাকার একটি বাড়ির রান্নাঘরে সাপটি দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেন বাড়ির মালিকসহ প্রতিবেশীরা। রান্নাঘরে আরও সাপ কিংবা মৃত সাপের বাচ্চা আছে, এমন খবর পেয়ে প্রাধিকার সদস্যরা ওই বাড়িতে গিয়ে আগে মৃত সাপটি উদ্ধার করেন। এরপর ওই ঘরসহ আশপাশের এলাকা তল্লাশি করে নিশ্চিত করা হয়, আর কোনো সাপ নেই। তবে রান্নাঘরের মাটির মেঝের গর্তে পাওয়া যায় ২৭টি ডিম।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমেদের তত্ত্বাবধানে রেখে ডিমগুলো কৃত্রিমভাবে ফোটানোর ব্যবস্থা করা হয়। প্রাধিকারের সাংগঠনিক এই উদ্যোগে সহায়তা করেছে বন বিভাগের প্রাণী সংরক্ষণ বিভাগ। ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত একনাগাড়ে ডিমে তা দেওয়া হয়। চার দিনের মাথায় ডিম ফোটার উপক্রম হয়। মঙ্গলবার সকালে একেক করে ২৭টি ডিম থেকে ২৭টি গোখরার বাচ্চা জন্ম নিতে দেখা যায়।
সুলতান আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটরে হ্যাচিং রেট ১০০ ভাগ। এই নিশ্চয়তায় ২৭টি ডিম থেকে বাচ্চার জন্ম হয়েছে। সাপগুলো খৈয়া গোখরা (মনোক্লেড কোবরা) প্রজাতির জানিয়ে তিনি আরও বলেন, এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ।
প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘এটা আমাদের সংগঠনের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। কৃত্রিমভাবে ফোটাতে সক্ষম হওয়ায় ডিমগুলো যে মৃত সেই গোখরার ডিম, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এর আগে ডিম উদ্ধার করার সময় বাড়ির মালিকসহ আশপাশ এলাকার মানুষ ডিমগুলো নষ্ট করে সাপের বংশ নির্বংশ করার চেষ্টায় ছিলেন। আমরা তাঁদের নিবৃত্ত করে ডিমগুলো উদ্ধার করেছিলাম। পুরো বিষয়টি নিয়ে টানা পাঁচ দিন আমাদের অন্য রকম কেটেছে। আমরা সফল হওয়ায় এ নিয়ে আমরা অনেক আনন্দিত। বাচ্চাগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’