পিটিয়ে স্বর্ণ ও টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে বাড়ির লোকদের পিটিয়ে সোনার ২০ ভরি অলংকার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মোল্লাবাড়ি ক্রস রিং সড়কের সুনীল কুমার ঘোষের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

সুনীল ঘোষের ছেলে শশাঙ্ক ঘোষ বলেন, তাঁর বড় ভাই পিকআপের চালক সজল ঘোষ ও ভাবি মৌসুমি ঘোষ গতকাল যশোরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই অনুষ্ঠান শেষ করে তাঁরা রাত পৌনে তিনটার দিকে ফরিদপুরে ফিরে আসেন। পুরোনো বাসস্ট্যান্ড থেকে একটি রিকশা নিয়ে তাঁরা বাড়ির সামনে আসতেই বাসার গেটের সামনে অপেক্ষারত পাঁচ ব্যক্তি তাঁদের পথ রোধ করে। এরপর তাঁদের পিটিয়ে আহত করে বাবা সুনীল কুমার ঘোষকে দিয়ে ঘরের দরজা খোলায়। পরে ওই ব্যক্তিরা বাড়িতে ঢুকে বাড়ির লোকদের পিটিয়ে আহত করে ধারালো অস্ত্রের মুখে সোনার ২০ ভরি অলংকার ও নগদ ৬২ হাজার টাকা নিয়ে যায়।
শশাঙ্ক ঘোষ আরও জানান, পরে তিনি পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে টহল পুলিশকে খবর দেন। ডাকাতের হাতে আহত বড় ভাই সজল ঘোষকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, ডাকাতির সঙ্গে জড়িত লোকজনকে শনাক্ত করা হয়েছে। জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।