পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
মেয়াদোত্তীর্ণ হওয়ার দুই বছর আট মাস পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি। গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়। এ ছাড়া নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ১৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আওলাদ খান, উপ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক শাহাদাৎ হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য আলী হোসেন আলমের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। কেন্দ্রীয় এই নেতারা পিরোজপুর গিয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।
আগের কমিটি বিলুপ্তির বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আওলাদ খান প্রথম আলোকে বলেন, জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমন্বয়হীনতাও ছিল।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ মে জাহিদুল ইসলামকে সভাপতি ও অনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য পিরোজপুর জেলা ছাত্রলীগের দুই সদস্যের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তবে তিন বছর আট মাস পার হলেও কমিটি পূর্ণাঙ্গ করেননি তাঁরা। দুজনের মধ্যে সমন্বয়হীনতা থাকায় একসঙ্গে দলীয় কর্মসূচিও পালন করতেন না। এ ছাড়া অনেকগুলো উপদল তৈরির পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দলে একাধিকবার নেতা–কর্মীদের মধ্যে হামলা-পাল্টাহামলার ঘটনাও ঘটেছে। বিষয়টি কেন্দ্রীয় দুই শীর্ষ নেতার নজরে আসার পর এ কমিটি বিলুপ্ত করা হয়েছে।
কমিটি বিলুপ্তির কারণ হিসেবে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে।