পিরোজপুরে ক্রিস্টাল মেথসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পিরোজপুরে মাসুম খান (২৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে ক্রিস্টাল মেথ বা আইসসহ গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলার ওধনকাঠী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ক্রিস্টাল মেথ বা আইস ইয়াবার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতিকর মাদক। গ্রেপ্তার মাসুম খান সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
র্যাব ও সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে র্যাব-৮–এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওধনকাঠী গ্রামে মাসুম খানের বাড়ির সামনের সড়কে মাদক কেনাবেচা চলছে।
রাত পৌনে নয়টার দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাসুম খানকে আটক করা হয়। এরপর তাঁর সঙ্গে থাকা ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়।
আজ রোববার সকালে মাসুম খানকে পিরোজপুর সদর থানায় সোপর্দ করে র্যাব। এ ঘটনায় র্যাব-৮ বরিশালের উপসহকারী পরিচালক আল মামুন শিকদার বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
টোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরান আলম খান বলেন, মাসুম খান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান বলেন, উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। আজ দুপুরে মাসুদ খানকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।