পিরোজপুরে ঘরে ঢুকে হামলা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের সদর উপজেলার দুর্গাপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের সমর্থক রাসেল মাঝি প্রতিপক্ষের হামলায় আহত হন। রোববার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ১১ নভেম্বর। এই নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ রকম প্রচারণা চালানোর সময় পিরোজপুরের সদর উপজেলার দুর্গাপুর ইউপির এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ তাঁর চার সমর্থক প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে। রোববার দুপুরে নারিকেলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুটি ঘরও ভাঙচুর করা হয়।

দুর্গাপুর ইউপি নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নোমান মৃধার নেতৃত্বে ১০ থেকে ১২ জন ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ওই বিদ্রোহী প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেছেন।

হামলায় আহত ব্যক্তিরা হলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন (৬০) এবং তাঁর সমর্থক দুর্গাপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আলী আক্কাস গাজী (৫২), চুঙ্গাপাশা গ্রামের টুটুল শেখ (৪২) ও রাসেল মাঝি (২৭)।

বেলা সাড়ে ১১টার দিকে নারিকেলবাড়ি গ্রামের গণেশ শিকদারের বাড়িতে আলতাফ হোসেন ভোট চাইতে যান। এ সময় আওয়ামী লীগের ‘ বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী মো. নোমান মৃধার নেতৃত্বে ১০–১২ জন দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।

স্থানীয় লোকজন ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন (ঘোড়া প্রতীক) তাঁর সমর্থকদের নিয়ে নারিকেলবাড়ি গ্রামে নির্বাচনী প্রচার চালাতে যান। বেলা সাড়ে ১১টার দিকে নারিকেলবাড়ি গ্রামের গণেশ শিকদারের বাড়িতে আলতাফ হোসেন ভোট চাইতে যান। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ‘ বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী মো. নোমান মৃধার (আনারস প্রতীক) নেতৃত্বে ১০–১২ জন দেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।

হামলা থেকে রক্ষা পেতে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকেরা গণেশ শিকদারের ঘরে আশ্রয় নেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তাঁর সমর্থকেরা ওই ঘরের দরজা–জানালা ভেঙে ভেতরে ঢুকে আলী আক্কাস গাজী, টুটুল শেখ ও রাসেল মাঝিকে কুপিয়ে জখম এবং আলতাফ হোসেনকে মারধর করেন। পরে তাঁরা গণেশ শিকদার ও সুশীল শিকদারের ঘরের আসবাব ভাঙচুর করেন।

স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির নেতা আলতাফ হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা নোমান মৃধার নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়েছে। তবে ওই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে নোমান মৃধা বলেন, ‘আমি ও আমার লোকজন ওই হামলার সঙ্গে জড়িত নই। নৌকা মার্কার লোকজন এ ঘটনায় জড়িত। নির্বাচনে আমি মূল প্রতিদ্বন্দ্বী হওয়ায় আমার বিরুদ্ধে এসব অভিযোগ করে আমাকে হয়রানি চেষ্টা করা হচ্ছে।’

আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রামপ্রসাদ রায়ের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাব্বি হোসেন নামের একজনকে আটক করা হয়েছে।