পিরোজপুরে জাল কাগজ দিয়ে ব্যাংকঋণ নিতে গিয়ে একজন গ্রেপ্তার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাল কাগজপত্র তৈরি করে কৃষি ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টার অভিযোগে আনোয়ারুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে স্বরূপকাঠি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন।
গ্রেপ্তার আনোয়ারুল ইসলামের বাড়ি নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারুল বিএস খতিয়ান ও দাখিলার জাল কাগজপত্র তৈরি করে কৃষি ব্যাংকের স্বরূপকাঠি শাখায় ঋণের জন্য আবেদন করেছিলেন। কৃষি ব্যাংক থেকে কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তাঁর কাগজপত্র ত্রুটিপূর্ণ মনে হওয়ায় নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীকে জানানো হয়। এরপর আনোয়ারুলের কাগজপত্র জাল প্রমাণিত হয়। গতকাল বিকেলে তাঁকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতে স্বরূপকাঠি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আলতাফ হোসেন বলেন, ‘আমার সই ও সিল জাল করে আনোয়ারুল ইসলাম বিএস খতিয়ান ও দাখিলা তৈরি করেন। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, আজ সোমবার গ্রেপ্তার আনোয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে।