পিরোজপুরে দুই পক্ষের হট্টগোলে মহিলা আওয়ামী লীগের সম্মেলন পণ্ড

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়ি আটকে কমিটি ঘোষণার দাবি জানান জেলা শাখার নেতা-কর্মীরা। বুধবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনয়াতনের সামনেছবি: এ কে এম ফয়সাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে দুই পক্ষের হট্টগোলে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন পণ্ড হয়ে গেছে।

বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর কেন্দ্রীয় নেতারা সম্মেলন শেষ না করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময় মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়ি আটকে রেখে সামনে শুয়ে সম্মেলন শেষ করে কমিটি ঘোষণার দাবি জানান জেলা শাখার নেতা-কর্মীরা। ঘণ্টাব্যাপী কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ করে রাখার পর জেলা আওয়ামী লীগের সভাপতির হস্তক্ষেপে ঘটনাস্থল ত্যাগ করে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে চলে যান।

দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা সভাপতি সাফিয়া খাতুন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বেলা দুইটার দিকে শাহরিয়া ফেরদৌস ওরফে লুনা নামের এক কর্মীর বক্তব্য দেওয়া নিয়ে কিছুটা হট্টগোল শুরু হয়। এরপর কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে শিরিনা আফরোজ নামের আরেকজনকে বক্তব্য দিতে মঞ্চে ডাকা হয়। শিরিনা আফরোজকে বক্তব্য দিতে দেওয়ায় প্রতিবাদ করেন জেলা কমিটির এক পক্ষের নেতা-কর্মীরা।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে কেন্দ্রীয় নেতারা সভামঞ্চ ত্যাগ করে চলে যেতে চাইলে নেতা-কর্মীরা সম্মেলন শেষ করে কমিটি ঘোষণা দিতে চাপ দেন কেন্দ্রীয় নেতাদের। এরপর কেন্দ্রীয় নেতারা চলে যেতে চাইলে পথ আটকে গাড়ির সামনে শুয়ে পড়েন শতাধিক নেতা-কর্মী। ঘণ্টাব্যাপী সেখানে গাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন কেন্দ্রীয় কমটির সভাপতি, সম্পাদকসহ অন্য নেতারা। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে চলে যান।

এ ঘটনার পরে বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলা মহিলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন ও সাধারণ সম্পাদক সাহিদা বারেক অভিযোগ করেন কেন্দ্রীয় কমিটির নেতারা একটি দুরভিসন্ধি নিয়ে সম্মেলন করতে আসেন। জেলা কমিটির সিদ্ধান্তের বাইরে তাঁদের খেয়ালখুশিমতো যাকে-তাকে বক্তব্য দিতে মঞ্চে ডাকেন। এ নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সম্মেলনে ভোটের মাধ্যমে কমিটি গঠনের জন্য মতামত দিয়েছিল জেলা কমিটি। কিন্তু কেন্দ্রীয় নেতারা তা না শুনে সভায় হট্টগোলের অজুহাত দেখিয়ে সম্মেলন না করে চলে যান।

মহিলা আওয়ামী লীগের কর্মী ও নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়া ফেরদৌস অভিযোগ করেন, ‘সম্মেলনে বক্তব্য দিতে গেলে অপর পক্ষের মহিলা কর্মীরা আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করেন।’

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন বলেন, ‘সম্মেলনে কিছু অপ্রীতিকর ঘটনার কারণে সম্মেলন শেষ না করে চলে এসেছি। এ বিষয় ঢাকায় পৌঁছে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’