পিরোজপুরে নতুন করে চারজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুর জেলায় নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল রোববার রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের অণুজীববিজ্ঞান বিভাগের করোনা পরীক্ষাগার থেকে পিরোজপুরের সিভিল সার্জনের কাছে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে জেলায় ৩৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। গত ছয় দিনে (গত মঙ্গলবার থেকে রোববার) ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলার চারজনের করোনা পজিটিভ প্রতিবেদন পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ভান্ডারিয়া উপজেলার এক পুরুষ ও এক নারী রয়েছেন। সম্প্রতি তাঁরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ভান্ডারিয়া উপজেলার বাড়িতে যান। গত বৃহস্পতিবার তাঁদের নমুনা সংগ্রহ করা হয়।

মঠবাড়িয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে যান। গত শুক্রবার তাঁদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়। করোনা পজিটিভ আসায় রোববার রাতে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

গত ১৩ এপ্রিল জেলার মঠবাড়িয়া উপজেলায় প্রথম এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এরপর থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ১০ মে পর্যন্ত জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৯। এরপর থেকে প্রতিদিন শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত রোগী। গত মঙ্গলবার থেকে গতকাল রোববার পর্যন্ত প্রতিদিন করোনা শনাক্ত হচ্ছে। মঙ্গলবার ছয়জন, বুধবার দুজন, বৃহস্পতিবার একজন, শুক্রবার তিনজন, শনিবার তিনজন ও রোববার চারজনের করোনা শনাক্ত হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে রাতে করোনাভাইরাসে আক্রান্ত চারজনের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। সরকারিভাবে তাঁদের খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হবে।

পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, আক্রান্ত ব্যক্তিদের করোনা উপসর্গ প্রকাশ না পাওয়ায় বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে উপসর্গ দেখা দিলে তাঁদের হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।