পিরোজপুরে নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে যাওয়া
প্রতীকী ছবি

পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ পুখুরিয়া গ্রামে আজ বৃহস্পতিবার বিকেলে কচা নদীতে গোসল করতে গিয়ে ফারদিন খান (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ ফারদিন খান খুলনা নগরীর জিন্নাপাড়া মহল্লার বাসিন্দা হাফিজ খানের ছেলে।

ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০ জুলাই ফারদিন খান পরিবারের সদস্যদের সঙ্গে পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ পুখুরিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে ফারদিন মামার সঙ্গে বাড়ির কাছে কচা নদীতে গোসল করতে যায়। গোসলে নেমে নদীতে ডুবে যায়। বিকেল তিনটায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখার সময় ওই কিশোরকে উদ্ধারে অভিযান চলছিল।

ফারদিন খানের খালাতো ভাই মো. ইসমাঈল বলেন, ফারদিন সাঁতার জানত না। সে মামার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায়।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাফর আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।