পিরোজপুরে পিটিয়ে ইউপি সদস্যের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত রুহুল আমিন শেখ
ছবি: প্রথম আলো

পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুহুল আমিন শেখকে (৪৫) পিটিয়ে দুই পা ভেঙে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রুহুল আমিন শিকদার মল্লিক ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। রুহুল আমিনের দাবি, আওয়ামী লীগের পরাজিত বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানীর বেয়াই ফারুক হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। রুহুল আমিন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রুহুল আমিনের ভাষ্য, দ্বিতীয় ধাপে শিকদার মল্লিক ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলামের পক্ষে কাজ করেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানীকে হারিয়ে শহীদুল ইসলাম বিজয়ী হন। এ কারণে গোলাম রব্বানীর সমর্থকেরা তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। আজ দুপুরে তিনি চালিতাখালী গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পিরোজপুর শহরে যাচ্ছিলেন। এ সময় গোলাম রব্বানীর বেয়াই ফারুক হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক তাঁর ওপর হামলা করেন। এরপর হামলাকারীরা জিআই পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তাঁর দুই পা ভেঙে যায়।

পরে স্থানীয়রা রুহুল আমিনকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তন্ময় মজুমদার বলেন, রুহুল আমিনের দুই পা শক্ত কিছুর আঘাতে ভেঙে গেছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে ফারুক হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।

এদিকে গোলাম রব্বানী মুঠোফোনে বলেন, তিনি এ হামলার বিষয়ে কিছু জানেন না। যে এলাকায় হামলা ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটি তাঁর এলাকার বাইরে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।