পিরোজপুরে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পিরোজপুর পৌরসভার রাজারহাট মহল্লার একটি পুকুর থেকে প্রিয়াঙ্কা দাস (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজারহাট মহল্লার নুরু খানের পুকুর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
মৃত প্রিয়াঙ্কা দাস রাজারহাট মহল্লার লিটন সাহার স্ত্রী। আজ শুক্রবার সকালে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা দাসের সঙ্গে স্বামী লিটন সাহার পারিবারিক কলহ চলছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া হয়। এরপর প্রিয়াঙ্কা দাস ঘর থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা সম্ভাব্যস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পার্শ্ববর্তী নুরু খানের পুকুরপাড়ে গিয়ে জুতা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে প্রিয়াঙ্কা দাসের লাশ উদ্ধার করেন।
লিটন সাহা বলেন, ‘আমার স্ত্রীর মানসিক সমস্যা ছিল। সে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।’
পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার বলেন, প্রিয়াঙ্কা দাসের নয় মাসের একটি শিশুসন্তান আছে। পারিবারিক কলহে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজামান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে মৃত্যুর কারণ জেনে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।