পিরোজপুরে বঙ্গবন্ধুর নামে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে
পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপু মনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২’ জাতীয় সংসদে বিল পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। ফলে পিরোজপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে।
পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী বলেন, পিরোজপুরে জাতির জনকের নামে বিশ্ববিদ্যালয় বিল সংসদে পাসের পর জেলাবাসী আনন্দে ভাসছেন। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলে উচ্চশিক্ষাসহ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার দ্বার উন্মোচিত হবে।
সংসদ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুলাইয়ে পিরোজপুর-১ (সদর) আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। ওই বছরের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী পিরোজপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় বিলের খসড়া বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, মন্ত্রিপরিষদ বিভাগ ও বিভিন্ন মন্ত্রণালয় হয়ে সংসদে উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির অনুমোদন পায়। গত বছরের ১৮ নভেম্বর বিলটি সংসদে ওঠানোর পর বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সর্বশেষ মঙ্গলবার বিলটি আইন আকারে পাসের জন্য সংসদে প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী। এরপর বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলে বলা হয়েছে, পিরোজপুর সদরে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করা যাবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এ আইন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি চার বছর মেয়াদের জন্য দুজন সহ–উপাচার্য নিয়োগ করবেন, যাঁদের একজন একাডেমিক ও অন্যজন প্রশাসনিক কার্যক্রম দেখবেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজনের) পিরোজপুর জেলা কমিটির সভাপতি নাসিম আলী বলেন, ‘এটা আমাদের জন্য পরম পাওয়া। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলের জনজীবনে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে।’
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২ সংসদে পাস হওয়ায় আমি আনন্দিত। পিরোজপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’