পিরোজপুরে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাচালকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলা শহরের সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে মিছিল করে শ্রমিক ইউনিয়নের নেতারা। মঙ্গলবার সকালে শহরের হুলারহাট সড়কে
প্রথম আলো

পিরোজপুর জেলা শহরের সড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচলে বাসমালিক সমিতির লোকজন বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন শ্রমিক ইউনিয়নের নেতারা। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশাসহ ছোট যানবাহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকেরা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শ ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাচালক শহরের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে যান। সেখানে পুলিশ মিছিলটিকে আটকে দেয়। এরপর ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশাসহ ছোট যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মজনু তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সঙ্গে দেখা করেন। তাঁরা জেলা প্রশাসককে বলেন, বাসমালিক সমিতির লোকজন তাঁদের সড়কে চলাচল করতে দিচ্ছেন না। তাঁরা এসব হয়রানি বন্ধে ও নির্বিঘ্নে যান চলাচলের দাবিতে একটি স্মারকলিপি দেন।

ইউনিয়নের সভাপতি মজনু তালুকদার বলেন, পিরোজপুরে জাতীয় মহাসড়ক নেই। জেলার সড়কগুলোতে বাসমালিক সমিতির লোকজন তাঁদের চলাচলে বাধা দেন, যাত্রীদের নামিয়ে দেন। আবার বাসমালিক সমিতির লোকদের কিছু টাকা দিলে গাড়ি ছেড়ে দেন।

এ বিষয়ে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাসমালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান বলেন, সব সড়কে ব্যাটারিচালিত যান চলাচল করতে পারে না। তারপরও তাঁরা ইজিবাইক ও রিকশাচালকদের বলেছেন, যেসব সড়কে বাস চলে না সেখানে তাঁদের তিন চাকার গাড়ি চালাতে। কিন্তু ইজিবাইক ও রিকশাচালকেরা আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কে গাড়ি চালাচ্ছেন। দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে।

প্রশাসনিক সূত্র জানায়, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাটারিচালিত সারা দেশের ৪০ লাখ অবৈধ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, শ্রমিকদের দাবি এবং হাইকোর্টের নির্দেশনা পর্যালোচনা করে তাঁরা বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।