পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে মাদক কেনাবেচার দায়ে মো. নাজমুল শেখ (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত নাজমুল শেখ পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের মৃত সুলতান শেখের ছেলে। রায় ঘোষণার সময় নাজমুল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ অক্টোবর বিকেলে নাজিরপুর উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠি গ্রাম থেকে নাজমুল শেখকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নাজমুলের সঙ্গে থাকা দুই বোতল ফেনসিডিল ও ১০০টি ইয়াবা বড়ি জব্দ করে ডিবি। গ্রেপ্তারের পর নাজমুল মাদক কেনাবেচার সঙ্গে একই গ্রামের শহিদুল মোল্লা ও তাঁর ছোট ভাই মিরাজ মোল্লা জড়িত থাকার কথা জানান।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হাচনাইন পারভেজ বাদী হয়ে নাজমুল শেখ, শহিদুল মোল্লা ও মিরাজ মোল্লার বিরুদ্ধে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই বছর ৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল হাওলাদার তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নাজমুল শেখকে সাত বছর কারাদণ্ড দেন এবং শহিদুল মোল্লা ও মিরাজ মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন।

রায় ঘোষণার পর শহিদুল মোল্লা বলেন, ‘আমি শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। আমাকে ও আমার ভাইকে হয়রানি করার জন্য নাজমুল শেখ গ্রেপ্তারের পর আমাদের জড়িয়ে পুলিশের কাছে জবানবন্দি দেন। আমরা ষড়যন্ত্রের শিকার। আদালতে ন্যায়বিচার পেয়েছি।’
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামিপক্ষে ছিলেন আহসানুল কবির।