পিরোজপুরে লোকালয় থেকে দুটি হরিণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করে ট্রলারে করে সুন্দরবন নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে তোলা
ছবি: এ কে এম ফয়সাল

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে গ্রামবাসী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উলুবাড়িয়া ও গোলবুনিয়া গ্রাম থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়। পরে হরিণ দুটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে উপজেলার উলুবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম ব্যাপারীর বাড়ির সামনের বাগানে দুটি চিত্রা হরিণ দেখতে পান কয়েকজন তরুণ। এ সময় তাঁরা হরিণ দুটিকে তাড়া করেন। তাড়া খেয়ে একটি হরিণ উলুবাড়িয়া গ্রামের মো. রিয়াজের বাড়িতে ঢুকে পড়লে তা আটক করা হয়। অপর হরিণটি পাশের গোলবুনিয়া গ্রামের ধানখেতে চলে যায়। সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন ধানখেত থেকে হরিণটি উদ্ধার করেন।

লোকালয় থেকে উদ্ধার করা দুটি চিত্রা হরিণ অবমুক্ত করতে ট্রলারে করে সুন্দরবনে নেওয়া হচ্ছে
ছবি: প্রথম আলো

আজ সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগি স্টেশনের বনপ্রহরী হাবিবুর রহমান বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণ দুটি ট্রলারে করে শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, হরিণ দুটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।