শ্বশুরবাড়িতে ভালোবাসায় সিক্ত লন্ডনের রামসগেট শহরের মেয়র রৌশন আরা
পিরোজপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্যের লন্ডনের রামসগেট শহরের মেয়র রৌশন আরা রহমান। মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম শ্বশুরবাড়িতে এসেছেন তিনি। আজ বুধবার দুপুরে হেলিকপ্টারযোগে রৌশন আরা রহমান ও তাঁর স্বামী রেজাউর রহমান পৌঁছালে জেলা স্টেডিয়ামে পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান তাঁদের অভ্যর্থনা জানান। এরপর ওই দম্পতি শহরের সিআইপাড়ায় শ্বশুরবাড়িতে পৌঁছালে ফুল দিয়ে বরণ করেন স্বজনেরা।
রেজাউর রহমান পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। আফসার উদ্দিনের আদি বাড়ি ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রৌশন আরা রহমান ও তাঁর স্বামী রেজাউর রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশে পৌঁছান। আজ দুপুরে তাঁরা হেলিকপ্টারযোগে পিরোজপুর শহরের সিআইপাড়ায় আসেন। কাল বৃহস্পতিবার বেলা ১১টায় পিরোজপুর পৌর মেয়রের উদ্যোগে তাঁকে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পরদিন শুক্রবার দুপুরে ইন্দুরকানি উপজেলার প্রতিবন্ধীদের বিদ্যালয় পরিদর্শন এবং শিশুদের সঙ্গে সময় কাটাবেন এ দম্পতি। আগামী শনিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে তাঁরা রেজাউর রহমানের বাবার আদি বাড়িতে দোয়া মাহফিল যোগ দেবেন। রোববার তাঁরা হেলিকপ্টারে মানিকগঞ্জের সিঙ্গাইরে রৌশন আরা রহমানের বাবার বাড়িতে যাবেন।
রৌশন আরা রহমানের জন্ম সিঙ্গাইর উপজেলার ইরতা কাশিমপুর কাঁঠালবাগান গ্রামে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় তিনি বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান।
রৌশন আরা রহমানের জন্ম সিঙ্গাইর উপজেলার ইরতা কাশিমপুর কাঁঠালবাগান গ্রামে। তাঁর বাবার নাম রজ্জব আলী। অষ্টম শ্রেণিতে পড়ার সময় তিনি বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানে উচ্চশিক্ষা শেষ করে তিনি বিভিন্ন সামাজিক কাজে অংশ নেন। ২০১৭ সালে লেবার পার্টির হয়ে পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। ২০১৯ সালে ইংল্যান্ডের রামসগেট সিটি নির্বাচনে জয়ী হয়ে তিনি মেয়র নির্বাচিত হন।
রৌশন আরা রহমানের স্বামী রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েক বছর পর পর দেশে বেড়াতে আসি। মেয়র নির্বাচিত হওয়ার পর রৌশন আরা প্রথম শ্বশুরবাড়ি আসায় আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের উচ্ছ্বাস একটু বেশি। রৌশন আরা ফুলেল শুভেচ্ছা ও সবার ভালোবাসায় সিক্ত হয়ে অভিভূত।’