পীরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার নবনির্বাচিত ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. সাহজাহানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব–১৩। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কের শিবগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মো. সাহজাহান বৈরচুনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক।

বৈরচুনা ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান মো. জালালউদ্দীন ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক পীরগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তা জানান, তৃতীয় ধাপের ভোটের দিন ইন্দ্রইল কেন্দ্রে সহিংসতার মামলায় গ্রেপ্তার এক আসামির জামিন আবেদনের জন্য গতকাল ঠাকুরগাঁও আদালতে যান সাহজাহান। ফেরার পথে রাত নয়টার দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কের শিবগঞ্জ এলাকায় রাস্তা থেকে তাঁকে এবং বৈরচুনা ইউপির ইন্দ্রইল গ্রামের বাসিন্দা মো. গোলাপকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় ওই ইউপি সদস্যের কাছ থেকে ৬২২টি ইয়াবা বড়ি উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজ বুধবার সকাল নয়টায় বলেন, ‘নবনির্বাচিত ইউপি সদস্যকে ইয়াবাসহ র‌্যাবের গ্রেপ্তার করার কথা আমিও শুনেছি। এর বেশি কিছু বলার মতো তথ্য আমার কাছে নেই।’