পীরগঞ্জে সহিংসতার মামলায় আরও ১৩ আসামির রিমান্ড
রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় সহিংসতার ঘটনায় আরও ১৩ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খান আসামিদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।পুলিশ এই ১৩ আসামিকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।
পীরগঞ্জ আমলি আদালতের সাধারণ নিবন্ধক শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৩৭ আসামিকে ৩ দিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় নতুন করে ১৩ আসামির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে যাঁরা রিমান্ডে ছিলেন, তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে তথ্য অনুযায়ী পুলিশ কাজ করছে। মাহবুবুর রহমান আরও বলেন, ঘটনার ১ দিন পর এই ১৩ আসামিকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, এ কারণে রিমান্ড আবেদন করা হয়।
পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানিয়েছেন, সহিংসতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত ৬৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।