পীরগঞ্জে হিন্দুপাড়ায় সহিংসতার মামলায় ৩৭ আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেড় লাখ টাকার মালামাল ছিল কণিকা রানীর এই দোকানে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে তাঁর দোকান পুড়ে ছাই। বাড়িতেও হয়েছে লুটপাট। রংপুরের পীরগঞ্জের বড় করিমপুরে
ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর হিন্দুপাড়ায় সহিংসতার ঘটনায় করা মামলার ৩৭ আসামিকে তিন দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

সহিংসতার পর গ্রেপ্তার হওয়া ৪১ আসামির মধ্যে চার শিশু ছাড়া ৩৭ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবার রহমান। আদালতের বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) শহিদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, হিন্দুপাড়ায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় নামীয় ৫১ আসামির মধ্যে ৩৭ জনকে আদালতে নেওয়া হয়। তাঁদের ঘটনার দিনই আটক করা হয়। পরে মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় চারটি শিশু থাকায় তাদের শিশু আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সহিসংতার ঘটনার আগে ৯৯৯ নম্বরে একটি ফোনকলের মাধ্যমে জানা যায়, ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট করা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। হিন্দুবাড়িতে আক্রমণের জন্য লোক জমায়েত হয়েছে। ৪০০-৫০০ উত্তেজিত জনতা পরিতোষের (ফেসবুকে পোস্টকারী) বাড়িতে আক্রমণের জন্য অগ্রসর হচ্ছে। সেখানে তাদের নিবৃত্ত করা হলে পরে তারা পাশের গ্রামে হামলা করে ব্যাপক ক্ষতিসাধন করে। বাড়িঘর ভাঙচুর করে আগুন দেয়। হিন্দু নারীদের হেনস্তা করা হয়।

এ ঘটনায় মামলা করেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা হয়েছে। এই দুই মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন পরিতোষ সরকার, উজ্জ্বল হাসান ও আল আমিন।