পীরগাছায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১২
রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়ন পরিষদে (ইউপি) টিসিবির পণ্য প্রদানের কার্ডের ভাগ চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ রোববার দুপুরে ওই ইউপির সামনে ওই ঘটনা ঘটে। এতে ওই ইউপির এক সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
গুরুতর আহত তিনজনকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের একটি পক্ষ ওই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলামকে ইউপিতে অন্তত ৩০ মিনিট অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউপি চেয়ারম্যান আমিনুল বলেন, তিনি ইউনিয়নের ২ হাজার ১২৫ জন গরিব মানুষকে টিসিবির পণ্য দেওয়ার বরাদ্দ পেয়েছেন। আসন্ন পবিত্র রমজান মাসকে ঘিরে ওই পণ্য দেওয়া হবে। এ জন্য কার্ড প্রদানের লক্ষ্যে তিনি দুপুরে ইউপির সামনে বসে গরিব মানুষের নাম তালিকাভুক্ত করছিলেন।
ওই ইউপি চেয়ারম্যানের অভিযোগ, ‘ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান ও তাঁর অনুসারীরা আমার কাছে এসে টিসিবি পণ্য প্রদানের জন্য কার্ডের ভাগ চান। আমি তা দিতে অপারগতা প্রকাশ করলে কথা–কাটাকাটি হওয়ার পর মজিবর রহমান অনুসারীদের নিয়ে স্থান ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর মজিবর ও তাঁর অনুসারীরা লাঠি নিয়ে ইউপির সামনে একটি দোকানে আমার ওপর চড়াও হন।’
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা–কর্মীরা ইউপি চেয়ারম্যান আমিনুল এবং আওয়ামী লীগ নেতা মজিবরের পক্ষে দ্বিধাবিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেনসহ উভয় পক্ষের ১২ জন। আহত ব্যক্তিদের মধ্যে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ইউপি সদস্য কামাল হোসেন ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নাহিদ হোসেনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুই পক্ষের সংঘর্ষের সময় সাতদরগা বাজারের মশিয়ার রহমানের একটি ডিমের আড়তে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ইউনিয়নে বরাদ্দ পাওয়া টিসিবি পণ্যের কার্ডের ২০ শতাংশ উপজেলা আওয়ামী লীগকে দেওয়া হয়েছে। এরপরও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান কার্ডের ভাগ চান। না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি দলবলসহ ওই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।
মজিবর রহমান বলেন, ‘টিসিবি পণ্যের কার্ডের ভাগ দলীয়ভাবে আমাদের দেওয়ার কথা ছিল চেয়ারম্যানের। পরে না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।’
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।