পীরগাছায় চুরির অপবাদ দিয়ে শিশুকে সুচ ঢুকিয়ে নির্যাতন, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলার মানচিত্র

টাকা চুরির অপবাদ দিয়ে রংপুরের পীরগাছায় এক শিশুকে মারধর ও শরীরে সুচ ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম উপজেলার নবু পাঠানপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় পশুচিকিৎসক। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস শুকুর মিয়া।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি উপজেলার নবু পাঠানপাড়া এলাকায় জাহিদুল ইসলামের বাড়িতে তাঁর ছেলের সঙ্গে খেলতে যায় পাশের বাড়ির শিশু আবু জাহিদ (১২)। জাহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি তাঁর ৮২০ টাকা খুঁজে পাচ্ছিলেন না। এ কারণে জাহিদুল ইসলাম শিশু আবু জাহিদকে সন্দেহ করেন।

নির্যাতনের শিকার আবু জাহিদ পীরগাছা উপজেলার সাতদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

ওই রাতে নবু পাঠানপাড়া এলাকার মৃত আবদুল আউয়ালের স্ত্রী সাবিনা খাতুনের বাড়িতে গিয়ে তাঁর শিশুপুত্র আবু জাহিদকে ঘরের বাইরে ডেকে নেন জাহিদুল ইসলাম। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে এলোপাতাড়ি মারপিট করেন। একপর্যায়ে পাশের একটি বাড়িতে আটকে রেখে শিশুটির ডান হাত ও শরীরে বিভিন্ন স্থানে সুচ দিয়ে নির্যাতন চালান।

এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরিবারের লোকজন।

নির্যাতনের শিকার আবু জাহিদ পীরগাছা উপজেলার সাতদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। আবু জাহিদের মা সাবিনা বেগম বাদী হয়ে গতকাল রাতে পীরগাছা থানায় তিনজনকে আসামি করে মিথ্যা অপবাদে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা করেছেন।

পীরগাছা থানার পরিদর্শক শুকুর মিয়া আজ বিকেলে প্রথম আলোকে বলেন, মামলার ভিত্তিতে বুধবার রাতেই অভিযুক্ত আসামি জাহিদুল ইসলামকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি বানেছা বেগম ও আশরাফুল ইসলাম পলাতক থাকায় তাঁদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।