পীরগাছায় দুজনকে ধর্ষণের অভিযোগে এসআই কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলার মানচিত্র

রংপুরের পীরগাছা উপজেলায় দুই ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে করা মামলায় পীরগাছা থানার প্রত্যাহার হওয়া উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায়কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুই ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা। অভিযুক্ত স্বপনের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তির ছোট ভাই শুক্রবার পীরগাছা থানায় পুরুষ যৌনাচার বিষয়ে মামলা করেন। সেই মামলায় স্বপনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি সরেস চন্দ্র বলেন, পীরগাছার দুই ব্যক্তি বৃহস্পতিবার থানায় মৌখিকভাবে জানিয়েছেন যে এসআই স্বপন কুমার তাঁদের ধর্ষণ করেছেন। এর মধ্যে একজন ভ্যানচালক। তাঁর বয়স ৫০। তাঁকে অসুস্থ অবস্থায় ভ্যানে করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছিল। অন্যজন নৈশপ্রহরী। তাঁর বয়স (৫৫)।

ভুক্তভোগী দুজনের মধ্যে ভ্যানচালক অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বৃহস্পতিবার ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন। নৈশপ্রহরীকে সাত দিন আগে ওই পুলিশ কর্মকর্তা ধর্ষণ করেন বলে অভিযোগে বলা হয়।

এ ঘটনা জানাজানি হলে পীরগাছার বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর নির্দেশে অভিযুক্ত স্বপন কুমার রায়কে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন