পুকুরপাড়ে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা লাশ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি পুকুরপাড়ে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা লাশ। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিম জাহাঙ্গীরাবাদ আলাদিপুর গ্রামে নিজ বাড়ির পাশে পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কুপিয়ে ও গলা কেটে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।
নিহত ওই ব্যবসায়ীর নাম মোস্তাফিজার রহমান (৫৫)। তিনি আলাদিপুর এলাকার এম এ বি ব্রিকস নামে ইটভাটার মালিক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ইটভাটায় যাওয়ার কথা বলে মোস্তাফিজার রহমান বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাঁর খোঁজ করতে থাকেন। আজ সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে নিজের পুকুরপাড়ে গলাকাটা অবস্থায় তাঁর রক্তাক্ত লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী প্রথম আলোকে, ওই ইটভাটার মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। কারও সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল কি না, সেটাও জানা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।