পুকুরে কাপড় কাচছিলেন মা, পানিতে ভাসছিল শিশুটি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ঘটনা ঘটে। ঘটনার সময় ওই পুকুরের পাড়েই কাপড় কাচছিলেন শিশুটির মা। নিহত আয়ফা (৫) ওই এলাকার রনি হোসেনের মেয়ে।
মারা যাওয়া শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় বলেন, দুপুরে শিশু আয়ফার মা বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি পুকুরে কাপড় কাচতে যান। এ সময় মায়ের সঙ্গে শিশুটিও গিয়ে পুকুরপাড়ে খেলছিল। এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা শিশুটির মাথা পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। পরে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তেুঁতলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এসআই দীন বন্ধু রায় আরও বলেন, পুকুরপাড়ে খেলতে খেলতে মায়ের অজান্তে কোনো একসময় শিশুটি পানিতে পড়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়া শিশুটির প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।