পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে স্কুলপড়ুয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো সুন্দ্রাহবি গ্রামের মজিবর রহমানের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র মাহিম হোসেন (১৩) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১৪)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে মাহিম ও সিয়াম তাদের আরও দুই বন্ধুর সঙ্গে সুন্দ্রাহবি গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে মাহিম ও সিয়াম তলিয়ে নিখোঁজ হয়। তবে তাদের ওপর দুই বন্ধু পুকুরপাড়ে উঠে এসে আশপাশের লোকদের জানায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাহিম ও সিয়ামকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ না থাকায় মাহিম ও সিয়ামের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।