পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো কালীগঞ্জ উপজেলার নাটুয়ারবেড় গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মুক্তা (৫) ও শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের জিল্লুর রহমানের ছেলে আল আমিন হোসেন (৫)।
মোশারফ হোসেন বলেন, আল আমিন তাঁদের আত্মীয়। সে তার মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় আল আমিন ও মুক্তা একসঙ্গে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। এর একপর্যায়ে দুজনই পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশীরা পুকুরে দুই শিশুকে ভেসে থাকতে দেখেন। তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিহাবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।