পুকুরে পড়ে খালাতো ভাই–বোনের মৃত্যু
দিনাজপুরের হাকিমপুরে নানাবাড়িতে বেড়াতে এসে খালাতো ভাই–বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো নীরব (৪) ও মরিয়ম (৫)। তাদের বাড়ি হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রামে। নীরব বাঁশমুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আর মরিয়ম একই গ্রামের মাজেদুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, নীরবের খালার বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাঁশমুড়ি গ্রামে। কয়েক দিন আগে মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসেছিল নীরব। আজ সকালে খালাতো বোন মরিয়মসহ পাশের আরজিপাড়ায় নানাবাড়িতে বেড়াতে যায় তারা। পুকুরের পাড়েই নানার বাড়ি। পাড়ার অন্য ছেলেমেয়েদের সঙ্গে সেখানেই খেলাধুলা করছিল ওরা দুজন। একপর্যায়ে পুকুরে পড়ে যায় তারা। পরে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। বেলা দুইটার সময় পুকুরের দুই মাথায় ভেসে ওঠে দুজনের লাশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, আজ সকালে মরিয়ম ও নীরব নানাবাড়িতে এসে পুকুরপাড়ে খেলছিল। খেলতে খেলতে হয়তো কোনো এক সময় পুকুরে পড়ে যায় তারা। কিছু সময় পর বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। একসময় তাদের লাশ পুকুরে ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করেন। পরে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।