পুকুরে ভাসছিল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার মদিরাবাদ তারাবুনিয়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম স্বপন ঢালী (৫৮)। তিনি উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ তারাবুনিয়া গ্রামের অবিনাস ঢালীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে স্বপন ঢালী ঘর থেকে বের হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ বুধবার সকালে হঠাৎ করে তাঁর বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।