পুকুরে ভাসছিল স্যান্ডেল, পরে মিলল শিশুর লাশ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে চাল ধুতে গিয়ে ডুবে মারা গেছে এক মেয়েশিশু। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম পায়েল বড়ুয়া (১২)। সে জঙ্গলখাইন ইউনিয়নের জুয়েল বড়ুয়ার বড় মেয়ে। পায়েল বড়ুয়া জঙ্গলখাইন কৃষি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পায়েল বাড়ির সামনে পুকুরে শখ করে ঝুড়িতে করে চাল ধুতে নিয়ে যায়। ফিরে আসতে দেরি হওয়ায় পায়েলকে খুঁজতে পুকুরে যান তার মা। তিনি পুকুরে স্যান্ডল ও ঝুড়িটি ভাসতে দেখেন। পরে পুকুরের মাঝখান থেকে পায়েলকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পায়েলের বাবা জুয়েল বড়ুয়া প্রথম আলোকে বলেন, পায়েলের জন্য চারটি নতুন জমা এনেছেন তাঁর দাদা। সবচেয়ে পছন্দের জামাটি পরে পায়েল খুবই খুশি হয়। কিছুক্ষণ পর নতুন জামা খুলে রেখে পুকুরে চাল ধুতে গিয়ে সে ডুবে যায়।
পায়েলের চাচাতো ভাই সমর বড়ুয়া বলেন, পুকুরের পাকা ঘাটে হয়তো পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায় পায়েল। সাঁতার না জানার কারণে পুকুর থেকে আর উঠতে না পেরে ডুবে মারা গেছে সে।