পুকুরে ভেসে উঠল দুই ভাইয়ের লাশ
কুড়িগ্রামে নিখোঁজ হওয়ার এক দিন পর দুই বাক্প্রতিবন্ধী ভাইয়ের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। মারা যাওয়া দুই ভাই হলো মারুফ (১০) ও মামুন (৮)।
গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নিধিরাম গ্রামে ঘটনাটি ঘটে।
মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান বাবুল বলেন, বাক্প্রতিবন্ধী দুই ভাইকে গত সোমবার বেলা তিনটা থেকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। রাতে এলাকায় নিখোঁজ বিজ্ঞপ্তির মাইকিং করা হয়। বিভিন্ন জায়গায় খুঁজেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় পুকুরে শিশু দুটির লাশ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারকে জানানো হয়।
শিশু দুটির মা আঁখি বেগম বলেন, তার দুই ছেলে ও এক মেয়ে—সবাই বাক্প্রতিবন্ধী। পরপর তিন প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার কারণে তাদের বাবা বেলাল হোসেন তিন বছর আগে নিরুদ্দেশ হন। এরপর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি। আঁখি কুড়িগ্রাম শহরে একটি ডায়াগনস্টিক সেন্টারে আয়ার কাজ করেন। প্রতিদিনের মতো বাচ্চাদের বাড়িতে রেখে সোমবার সকালে কাজে যান তিনি। বিকেল চারটার দিকে বাড়ি ফেরার পথে দুই ছেলের নিখোঁজ হওয়ার খবর পান।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, বাক্প্রতিবন্ধী সহোদর দুই ভাই অসাবধানতাবশত পুকুরে পড়ে মারা গেছে।