পুকুরের পানি সেচে উদ্ধার ৩০টি হ্যান্ড গ্রেনেড ও দেড় কেজি গানপাউডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যান্ড গ্রেনেড ও গান পাউডার উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে র‌্যাব। শুক্রবার যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায়
প্রথম আলো

যশোরের অভয়নগরের একটি পুকুর থেকে ৩০টি হ্যান্ড গ্রেনেড ও দেড় কেজি গানপাউডার উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৬ খুলনার সদস্যরা আজ শুক্রবার উপজেলার রাজঘাট এলাকার একটি পুকুরের পানি সেচে এসব হ্যান্ড গ্রেনেড ও গানপাউডার উদ্ধার করেন। পরে এসব নিষ্ক্রিয় করা হয়।

এর আগে গত সোমবার রাতে রাজঘাট গ্রামে নিজ বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হন শফিকুল ইসলাম ওরফে সপ্পা (৩০)। পরদিন মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২০ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নিজ বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত এবং হ্যান্ড গ্রেনেড ও গানপাউডার উদ্ধারের ঘটনা ঘটল।

২০ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভার ভোট। এরই মধ্যে বোমা বানাতে গিয়ে একজন নিহত এবং হ্যান্ড গ্রেনেড ও গানপাউডার উদ্ধারের ঘটনা ঘটল।
পুকুর থেকে উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড ও গান পাউডার
প্রথম আলো

র‍্যাব জানায়, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে শফিকুল ইসলাম মারা যাওয়ার পর অনুসন্ধানে নামে র‍্যাব। অনুসন্ধানে রাজঘাট এলাকার শফিকুল ইসলামের বাড়ির পাশে পুকুরের মধ্যে হ্যান্ড গ্রেনেড ও গানপাউডার বোমার সন্ধান পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার রাত থেকে পুকুর এলাকাটি ঘিরে ফেলা হয়। আজ শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেচযন্ত্র দিয়ে পুকুরটিতে সেচ শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরের মধ্যে দুটি প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়। একটি প্যাকেটের মধ্যে ৩০টি হ্যান্ড গ্রেনেড এবং অপর প্যাকেটের মধ্যে দেড় কেজি গানপাউডার পাওয়া যায়। বেলা তিনটা নাগাদ হ্যান্ড গ্রেনেডগুলো ও গানপাউডার নিষ্ক্রিয় করা হয়।

র‍্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহম্মেদ বলেন, কারা কী উদ্দেশ্যে এই হ্যান্ড গ্রেনেড ও গানপাউডার মজুত করছে, তা উদ্‌ঘাটনের জন্য র‍্যাব কাজ করছে। এ ব্যাপারে অভয়নগর থানায় মামলা হয়েছে।

উদ্ধার অভিযানে র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মাহফুজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।