পুঠিয়ায় নকল তার তৈরির কারখানার সন্ধান
রাজশাহীর পুঠিয়ায় নকল তার তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকারের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ পুঠিয়ার পূর্ব কাঁঠালবাড়িয়া গ্রামে ‘এবি কেব্লস’ নামের এ কারখানায় অভিযান চালান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই কারখানার বিরুদ্ধে বিআরবি কেব্লস ও বিজলী কেব্লস নামের দুটি কোম্পানির নকল তার তৈরির অভিযোগ ছিল। অভিযানের সময় নকল তার তৈরির প্রমাণ পাওয়ায় কারখানা কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযানের সময় কারখানার মালিককে সেখানে পাওয়া যায়নি। তবে মালিকের ভাই দেলোয়ার হোসেন জরিমানার অর্থ পরিশোধ করেন।
হাসান-আল-মারুফ বলেন, এবি কেব্লসের বৈদ্যুতিক তার উৎপাদনের অনুমতিপত্র আছে। তবে তারা নিজেদের নামে তার তৈরি না করে বিআরবি, বিজলীসহ নামি কোম্পানির নকল তার তৈরি করত। এসব নকল তার কিনে ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন। অভিযানের সময় কারখানা থেকে ৩ হাজার গজ মোড়ক, ৫০০টি লেবেল, ২০ কয়েল নকল তার ও ২টি পিতলের চাকতি জব্দ করা হয়েছে। র্যাব-৫–এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।