পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় চালকের সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়া এলাকায় গতকাল বুধবার সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত প্রসেনজিতের (২৪) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফুলতলা গ্রামে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। গতকাল সকালে পুটিয়ার ঘোষপাড়া এলাকায় পৌঁছানোর পর এটির চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় দুটি ট্রাকই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এর মধ্যে সিমেন্ট বোঝাই ট্রাকের চালকের সহকারী প্রসেনজিৎ ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রসেনজিতের লাশ উদ্ধার করে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।