পুঠিয়ায় ১৪৪ ধারা ভেঙে পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিগ্রি (পাস) পরীক্ষার কেন্দ্র থাকায় গতকাল শনিবার রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ডিগ্রি কলেজ চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে স্থানীয় ব্যবসায়ীরা পশুর হাট বসিয়েছেন।
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলেজ কেন্দ্রে ডিগ্রি প্রথম বর্ষের অর্থনীতি ও প্রাণিবিদ্যা বিষয়ের পরীক্ষা ছিল। সাধারণত পরীক্ষাকেন্দ্রের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট লোকজন ছাড়া এই এলাকার ভেতরে অন্য কারও প্রবেশাধিকার নিষিদ্ধ।
গতকাল কলেজ মাঠে গিয়ে দেখা যায়, পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই কলেজের মাঠে গরু-মহিষ আনা শুরু হয়। কলেজ মাঠে চারটি মাইক বেঁধে হাট কমিটি তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে।
পরীক্ষা শেষে কথা হয় পরীক্ষার্থী মাজিদুল ইসলামের সঙ্গে। তাঁর প্রাণিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। তিনি বলেন, হলের ভেতরে মাইকের শব্দ অতটা যায়নি। কিন্তু পরীক্ষাকেন্দ্রে পশুর হাট বসানোর নজির বোধ হয় অন্য কোথাও নেই।
কলেজের অধ্যক্ষ একরামুল হক বলেন, তাঁর কাছ থেকে হাট বসানোর জন্য কেউ অনুমতি নেয়নি। আর পরীক্ষা চলাকালে হাট বসানোর অনুমতি তিনি দিতেও পারেন না।
জাহাঙ্গীর হোসেন নামের স্থানীয় একজন ব্যবসায়ী হাট কমিটির নেতৃত্বে রয়েছেন। যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনটি স্থানীয় সাংসদ আবদুল ওয়াদুদের চাচাতো ভাই শরীফ কাজীকে ধরিয়ে দেন। তিনি বলেন, তাঁরা স্থানীয় ব্যবসায়ী, কাউকে কোনো টাকাপয়সা দেননি। ১০-২০ বছর থেকে বানেশ্বর কলেজ মাঠে কোরবানির পশুর হাট বসে। সেই ঐতিহ্য ধরে রাখার জন্য তাঁরা এই হাটের আয়োজন করেছেন। তিনি আরও বলেন, ‘ইউএনও এসেছিলেন। আমরা তাঁকে বলেছি, কিছু মনে করবেন না। আমরা স্থানীয় ব্যবসায়ীরা এটা করেছি। তিনি বিষয়টি উদারভাবে দেখে চলে গেছেন।’
ইউএনও নূরুজ্জামান জানান, তিনি কলেজের অধ্যক্ষ ও ব্যবসায়ীদের কারণ দর্শানোর নোটিশ পাঠাচ্ছেন এবং আগামী দিন থেকে যাতে কলেজ মাঠে হাট না বসে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।