বোরো চাষে অনিশ্চয়তা
পুনঃখননের এক বছর পরই পানি নেই খালে
কৃষকেরা বলেন, খাল উজান থেকে ভাটির দিকে নিচু করে খননের কথা ছিল, কিন্তু তা করা হয়নি। এতে উজান থেকে ভাটিতে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ২০২০-২১ অর্থবছরে দুই ধাপে সাড়ে ৩ কিলোমিটার দুদুয়ার খালটি পুনঃখনন করা হয়। কিন্তু বছর না ঘুরতেই খাল শুকিয়ে গেছে। স্থানীয় কৃষকেরা বলছেন, খাল ঠিকমতো খনন করা হয়নি। খালে পানি না থাকায় চলতি মৌসুমে ২টি গ্রামের প্রায় ১২০ একর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
দুদুয়ার খালটি নয়াবিল ইউনিয়নে পড়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কাটাবাড়ি হয়ে দুদুয়ারখালটি আন্ধরুপাড়া, রুপাকুড়া ও মানুপাড়া দিয়ে স্থানীয় জলকপাটে গিয়ে মিশেছে। শুষ্ক মৌসুমে এ খালের বিভিন্ন স্থানে মাটির বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করা হতো। এই পানি দিয়ে রুপাকুড়া ও মানুপাড়া গ্রামের ৩টি অগভীর নলকূপের মাধ্যমে ২টি গ্রামের প্রায় ২০০ একর জমিতে বোরো আবাদ করা হতো।
এবার খাল খুদছে না তো, আমগর সর্বনাশ করছে। অহন খালে তো কোনো পানি নাই। তাইলে কেমনে বোরো আবাদ করমু
কৃষকের সেচসুবিধার জন্য ২০২০-২১ অর্থবছরে বিএডিসির সহযোগিতায় ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় আন্ধারুপাড়া থেকে মানুপাড়া পর্যন্ত দুদুয়ার খালটি ২ ধাপে সাড়ে ৩ কিলোমিটার পুনঃখনন করা হয়। ৩৫ লাখ টাকা ব্যয়ে খালটি খনন করে ময়মনসিংহের মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। খালটি ১০ ফুট প্রস্থ করার কথা ছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই খালটি শুকিয়ে গেছে। খালে এখন একটুও পানি নেই। এর ফলে স্থানীয় কৃষকেরা এখন বোরো আবাদ করতে পারছেন না।
রুপাকুড়া গ্রামের কৃষক হুরমুজ আলী বলেন, ‘বোরো মৌসুমে বর্গা নিয়া দুই কুর (একর) জমি আবাদ করি, যা ধান পাই, তা দিয়া সারা বছর চলন যায়। কিন্তু এবার খাল খুদছে না তো, আমগর সর্বনাশ করছে। অহন খালে তো কোনো পানি নাই। তাইলে কেমনে বোরো আবাদ করমু।’
গত বুধবার মানুপাড়া গ্রামের দুদুয়ার খালের এক কিলোমিটার অংশ ঘুরে দেখা গেছে, কোথাও খালের গভীরতা দুই ফুট আর প্রস্থ পাঁচ ফুট, কোথাও কোথাও খাল থেকে মাটি তুলে পাড়ে ফেলা হয়েছে। এলাকার কৃষকেরা বলেন, খাল উজান থেকে ভাটির দিকে নিচু করে খননের কথা ছিল, কিন্তু তা করা হয়নি। এতে উজান থেকে ভাটিতে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দুদুয়ার খালটি নামমাত্রে খনন করা হয়েছে। খননযন্ত্র দিয়ে দায়সারাভাবে শুধু মাটি তুলে রাখা হয়েছে। খালটি খনন করে কৃষকদের সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হয়েছে। আগে বোরো মৌসুমের দুই মাস আগে খালে অল্প খরচে মাটি বাঁধ দিয়ে পানি আটকানো হতো। কিন্তু এখন খালটি যেনতেন করে খনন করায় বাঁধ দেওয়ার উপায় নেই। ফলে এই সময়ে খালে একটুও পানি নেই।
মানুপাড়া গ্রামের কৃষক রমজান আলী বলেন, ‘দেড় একর জমিতে বোরো আবাদ করি। এ আবাদের ফসল দিয়া ছয় মাসের খাওন চলে। কিন্তু এবার খালে পানি নাই। অহন বোরো লাগাইবাম কেমনে। এই লইয়া দুশ্চিন্তায় আছি।’
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সাবঠিকাদার লতিফুল ইসলাম বলেন, দরপত্র অনুযায়ী খালটি খনন করা হয়েছে। এখানে কোনো গাফিলতি করা হয়নি। এখন খালে পানি না থাকায় হয়তো খননে ত্রুটি খোঁজা হচ্ছে।
বিএডিসির সহকারী প্রকৌশলী মেহেদী আল বাকি বলেন, দুই ধাপে দুদুয়ার খালটি জরিপ করে সাড়ে তিন কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। খননকালে তো কেউ কোনো অভিযোগ করেনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, এ বিষয়ে কেউ তাঁদের জানায়নি। পানির সংকটের কারণে বোরো আবাদ ব্যাহত হলে সেচ কমিটির সঙ্গে সমন্বয় করে বিকল্পভাবে সেচ দেওয়ার পরিকল্পনা করা হবে।