
বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাবেয়া বেগমের। আরেক নারীকে বিয়ে করে গত মে মাসে তাঁকে ফেলে চলে যান স্বামী। এই বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই জুনের পাহাড়ধস তাঁর থাকার ঘরটি নিশ্চিহ্ন করে দেয়। তিন সন্তানকে নিয়ে শহরের রূপনগর এলাকা থেকে প্রথমে রাবেয়ার ঠাঁই হয় রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে। গত এক মাস ধরে থাকছেন মেডিকেল কলেজ ছাত্রাবাস আশ্রয়কেন্দ্রে।
বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন রাবেয়া। সঞ্চয় বলে কিছু নেই। ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবারও সাহস হারিয়ে ফেলেছেন তিনি। সরকার তাঁকে পুনর্বাসন করবে এইটুকু শুধু তাঁর আশা। শুধু রাবেয়া নন। দুই মাস ধরে তাঁর মতো ১ হাজার ৩৯৬ জন গৃহহীন মানুষ রাঙামাটির ছয়টি আশ্রয়কেন্দ্রে একই আশায় আছেন। একটা ছোট্ট ঘর আর খেয়ে-পরে বাঁচার মতো কর্মসংস্থানের আশায় দিন গুনছেন তাঁরা। কিন্তু পুনর্বাসনের ধীরগতি তাঁদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। প্রশাসনের ওপর আস্থা না রেখে অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ঝুঁকি থাকা সত্ত্বেও পুরোনো ঠিকানায় ফিরে গেছেন।
গত ১৩ জুন ভয়াবহ পাহাড়ধসের ঘটনায় রাঙামাটিতে ১২০ জন মারা যান। আহত হন অন্তত ৮৮ জন। আশ্রয়হীন হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। তখন রাঙামাটিতে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলে জেলা প্রশাসন। ৩ হাজার ৪৯০ জন ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষ এসব আশ্রয়কেন্দ্রে ওঠেন। গত ২৭ জুন থেকে ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেন লোকজন। ৮ আগস্ট পর্যন্ত ২ হাজার ৯৪ জন আশ্রয়কেন্দ্র ছেড়ে চলে গেছেন। এখন ছয়টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৩৯৬ জন রয়েছেন।
কক্ষ সংকটের কারণে গাদাগাদি করে থাকতে হচ্ছে আশ্রয়কেন্দ্রে থাকা লোকজনকে। শৌচাগারের সংখ্যা কম থাকায় দীর্ঘ লাইন দিতে হচ্ছে। বিদ্যুৎ সংযোগ থাকলেও রয়েছে পানির সংকট। আশ্রয়কেন্দ্র থেকে দুবেলা খাবার দেওয়া হচ্ছে। সকালে শিশুদের একটি কলা ও পাউরুটি দেওয়া হলেও বড়দের নাশতার ব্যবস্থা নেই। দুপুর ও রাতে খাবার দেওয়া হয়। কখনো কখনো মাছ বা মাংস দেওয়া হয়। অনেক সময় দুপুরে শুধু ডাল আর ভাত দেওয়া হয়। শিশুদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা নেই।

ছয়টি আশ্রয়কেন্দ্রের মধ্যে মেডিকেল কলেজ ছাত্রাবাসে আশ্রিত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ৪৯৯ জন থাকছেন। তাঁদের জন্য রয়েছে মাত্র ১৬টি কক্ষ। এর মধ্যে দুটি কক্ষের আয়তন দৈর্ঘ্যে ২৮ ফুট আর প্রস্থে ১৪ ফুট। বাকি ১৪টি কক্ষের প্রতিটি দৈর্ঘ্যে ১৮ ফুট আর প্রস্থে ১৪ ফুট। বড় দুটি কক্ষের প্রতিটিতে ৫৮ জন করে, ছোট কক্ষগুলোতে গড়ে ২৫ থেকে ২৭ জন করে থাকছেন। এই আশ্রয়কেন্দ্রে সাতজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।
আশ্রয়হীন এই মানুষগুলোর অনেকেই তাঁদের সন্তানদের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন। রাবেয়া বেগম বলেন, আশ্রয়কেন্দ্রে পড়াশোনার পরিবেশ নেই। তাঁর বড় মেয়ে নবম শ্রেণিতে পড়ে। ছেলে পড়ে তৃতীয় শ্রেণিতে। লেখাপড়ার ক্ষতি হওয়ায় দুই ছেলেমেয়েকে কয়েক দিন আগে দুই আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সেখান থেকে তারা স্কুলে যায়। তাঁর ছোট মেয়ে তাসমিন মানিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। সে তাঁর সঙ্গে রয়েছে। কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে বিদ্যালয়টি ছয় কিলোমিটার দূরে। তাই তাসমিনের লেখাপড়া আপাতত বন্ধ।
শহরের জিমনেশিয়াম আশ্রয়কেন্দ্রে একটি কক্ষেই থাকছেন ১৪৮ জন। সেখানে আশ্রয় নেওয়া জীবন বসু চাকমা বলেন, প্রথম কিছুদিন জেলা প্রশাসন শিশুদের বিদ্যালয়ে যেতে পরিবহনের ব্যবস্থা করেছিল। পরে সেটি বন্ধ হয়ে যাওয়ায় শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না।
জেলা প্রশাসন সূত্র জানায়, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বর্তমানে ১৮২ জন, জিমনেশিয়াম আশ্রয়কেন্দ্রে ১৪৮, চিংহ্লামং মারি স্টেডিয়াম আশ্রয়কেন্দ্রে ১৮২, মেডিকেল কলেজ ছাত্রাবাসের আশ্রয়কেন্দ্রে ৪৯৯, মোনঘর ভাবনা কেন্দ্র আশ্রয়কেন্দ্রে ২৩৪ এবং তবলছড়ি এনডিসি হিল কোয়ার্টার আশ্রয়কেন্দ্রে ১৫১ জন রয়েছেন।
স্থানীয় প্রশাসন গৃহহীন মানুষকে স্থায়ী পুনর্বাসনের আশ্বাস দিয়েছে। কিন্তু সেটি বাস্তবায়নে ধীরগতি থাকায় অনেকেই আস্থা হারিয়ে পুরোনো ঠিকানায় ফিরে গেছেন। এঁদের একজন ভেদভেদী নতুনপাড়ার মো. রুহুল আমিন। প্রথম আলোকে তিনি বলেন, পুনর্বাসনের আশায় ১ আগস্ট পর্যন্ত আশ্রয়কেন্দ্রে ছিলেন তিনি। কিন্তু হাতে কাজ নেই, জমানো টাকাও নেই। তাই আর ভরসা করতে না পেরে চলে এসেছেন। নিজের বিধ্বস্ত ঘর থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ছোট ঝুপড়ি বানিয়ে পরিবার নিয়ে থাকছেন। আবারও দিনমজুরি শুরু করেছেন।
আশ্রিত মানুষের স্থায়ী পুনর্বাসন দ্রুত হবে কি না, সেটি নিশ্চিত করে বলতে পারেননি রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। প্রথম আলোকে তিনি বলেন, স্থায়ী পুনর্বাসনের জন্য এখন পর্যন্ত নিরাপদ জায়গা খুঁজে পাওয়া যায়নি। কবে নাগাদ নিরাপদ জায়গা পাওয়া যাবে এবং পুনর্বাসন সম্ভব হবে, সেটি এখনই বলা যাচ্ছে না। যত দিন পর্যন্ত পুনর্বাসন করা না হবে, তত দিন গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে রাখা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড়ধসে গৃহহীন মানুষের স্থায়ী পুনর্বাসনের জন্য জেলা প্রশাসন দুটি কমিটি গঠন করেছে। দুটি কমিটির মধ্যে একটি স্থায়ী পুনর্বাসনের জন্য নিরাপদ জায়গা নির্ধারণ কমিটি। অন্য কমিটির কাজ প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যাচাই-বাচাই করা। দ্বিতীয় কমিটির প্রধান রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাহেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় কাজ শেষ করতে একটু দেরি হচ্ছে। তাঁদের কমিটি ক্ষতিগ্রস্তদের পাশাপাশি পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি ও পরিবারের সংখ্যা নিরূপণের কাজও করছে।
আশ্রয়কেন্দ্রে থাকা নারীরা দ্রুত নিজেদের একটি ঠিকানা চান। পরিবার নিয়ে নতুন করে জীবন শুরু করতে চান তাঁরা। রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে আশ্রয় নেওয়া রাজিয়া বেগম তাঁদেরই একজন। তিনি প্রথম আলোকে বলেন, কোনো একটা এলাকায় নিয়ে যদি তাঁকে ঘর করে দেওয়া হয়, তাহলে আয়ের ব্যবস্থা তিনি নিজেই করে নেবেন।
৬ আশ্রয়কেন্দ্র
রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় ১৮২
জিমনেশিয়াম ১৪৮
মারি স্টেডিয়াম ১৮২
মেডিকেল কলেজ ছাত্রাবাস ৪৯৯
মোনঘর ভাবনা কেন্দ্র ২৩৪
তবলছড়ি হিল কোয়ার্টার ১৫১