মাঘের প্রথম দিন ছিল গতকাল শনিবার। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন মুখর হয়ে উঠেছিল লেখক, প্রকাশক ও সাহিত্য অনুরাগীদের উষ্ণ উপস্থিতিতে। বিজয়ী দুই লেখকের হাতে ১৪২২ বাংলা বছরের ‘প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার’ তুলে দেওয়া উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার কারা পাচ্ছেন তা আগেই ঘোষণা করা হয়েছিল। মননশীল শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা গবেষণাগ্রন্থের জন্য সৈয়দ আবুল মকসুদ আর সৃজনশীল শাখায় খোয়াজ খিজিরের সিন্দুক গল্প সংকলনের জন্য বিজয়ী ফয়জুল ইসলাম। বই দুটির প্রকাশক যথাক্রমে প্রথমা প্রকাশন ও সমগ্র প্রকাশন।
অনুষ্ঠানে দুই লেখকের প্রত্যেকের হাতে ক্রেস্ট, এক লাখ টাকার চেক ও অভিজ্ঞানপত্র তুলে দেওয়া হয়। পরিয়ে দেওয়া হয় উত্তরীয়।
সন্ধ্যা ছয়টায় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনিই সঞ্চালনা করেন অনুষ্ঠানটি। তিনি জানান, এবার ত্রয়োদশবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতি বাংলা বছরে দেশের ভেতরে প্রকাশিত সৃজনশীল ও মননশীল বই থেকে দুটিকে বেছে নেওয়া হয়। বিচারকাজে বিচারকমণ্ডলী স্বাধীনভাবে সেরা দুটি বই নির্বাচন করেন। এ ক্ষেত্রে প্রথম আলো কোনোভাবেই হস্তক্ষেপ করে না। এবারের বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বিশিষ্ট লেখক সিরাজুল ইসলাম চৌধুরী। সদস্যরা হলেন আবুল মোমেন, মোহিত উল আলম, সোনিয়া নিশাত আমিন ও ফারুক মঈনউদ্দীন।

গত এক বছরে দেশের বিশিষ্ট তিনজন কবি সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী ও রফিক আজাদ প্রয়াত হয়েছেন। অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, অভিনয়শিল্পী আফজাল হোসেন ও জয়ন্ত চট্টোপাধ্যায় তিন কবির দুটি করে কবিতা আবৃত্তি করেন। অভিনেত্রী সারাহ বেগম কবরী পড়ে শোনান সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্ম থেকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পুরস্কারের উপযোগিতা শুধু লেখকের জন্য নয়,
সাহিত্যের জন্যও জরুরি। লেখক এর মাধ্যমে মূল্যায়ন করতে পারেন তাঁর সাহিত্যকর্ম কীভাবে গৃহীত হচ্ছে। তিনি এ পুরস্কার আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান। পুরস্কার পাওয়া দুটি বই সম্পর্কে বলতে গিয়ে বিচারকমণ্ডলীর সভাপতি বলেন, সৃজনশীল শাখায় যে বইটি পুরস্কার পাচ্ছে, তাতে মননশীলতা রয়েছে। আবার মননশীল শাখায় যেটি পুরস্কার পেয়েছে, তাতে সৃজনশীলতা রয়েছে। তিনি বলেন, সৃজনশীলতা ও মননশীলতা একসঙ্গে না মিশলে সাহিত্য টেকে না। এরপর বিজয়ী লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। শুরুতেই সৃজনশীল শাখার বিজয়ী ফয়জুল ইসলাম। তাঁর জন্য তৈরি অভিজ্ঞানপত্র পড়েন ফারুক মঈনউদ্দীন। ফয়জুল ইসলামকে উত্তরীয় পরিয়ে দেন সোনিয়া নিশাত আমিন। ক্রেস্ট ও চেক তুলে দেন সিরাজুল ইসলাম চৌধুরী।
প্রতিক্রিয়ায় ফয়জুল ইসলাম বলেন, ‘লেখালেখি একটি নিভৃত প্রক্রিয়া। সে প্রক্রিয়ায় যথাযথ মূল্যায়ন পাওয়া কঠিন। কিন্তু মানসম্পন্ন সাহিত্য পুরস্কার লেখককে নিভৃত অবস্থা থেকে বের করে আনে। লেখক জানতে পারেন তাঁর লেখা সম্পর্কে নির্মোহ মূল্যায়ন। এ পুরস্কার আমাকে নবজন্ম দিয়েছে বলেই মনে করি।’
সৈয়দ আবুল মকসুদের অভিজ্ঞানপত্র পড়েন আবুল মোমেন। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন মোহিত উল আলম। ক্রেস্ট ও চেক তুলে দেন সিরাজুল ইসলাম চৌধুরী।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৈয়দ আবুল মকসুদ বইটি রচনার প্রেক্ষাপট থেকে শুরু করে নানা বিষয় তুলে ধরেন। তিনি বলেন, দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি-ব্যবসা-বাণিজ্য-মেধা মননের বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অবিস্মরণীয়। একটি জাতি বা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এ বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা মাথায় রেখেই এর ইতিহাস লেখায় তাঁর আগ্রহের কথা জানান তিনি।
এরপর প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক মঞ্চে এসে সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশিষ্টজনদের উপস্থিতিতে শীতের সন্ধ্যাটি উষ্ণ হয়েছে। সবার উপস্থিতিই প্রমাণ করে সাহিত্য অঙ্গনে এ পুরস্কার কতটা গ্রহণযোগ্য। তিনি বলেন, সৈয়দ আবুল মকসুদ ও ফয়জুল ইসলামকে পুরস্কৃত করে প্রথম আলো গৌরবান্বিত ও সম্মানিত হয়েছে।