পুরস্কৃত ১৯৮ জন খুদে কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুদে কবিদের একাংশ। নীলফামারী শহীদ মিনার থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুদে কবিদের একাংশ। নীলফামারী শহীদ মিনার থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

খুদে কবি, অতিথি ও দর্শকে কানায় কানায় পূর্ণ নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। সামনের সারিতে বসে আছে স্কুলের শিক্ষার্থীরা। মাঠ উপচে রাস্তায় তাদের অভিভাবকেরা। ‘ভিশন ২০২১ নীলফামারী’ নামের একটি সংগঠন এলাকার স্কুলের ছেলেমেয়েদের মধ্যে আয়োজন করেছিল ছড়া ও কবিতা লেখার প্রতিযোগিতা। সংগঠনের সমন্বয়ক ওয়াদুদ রহমানের কাছ থেকে জানা গেল, ৪৩৬টি স্কুলের মোট ১৬ হাজার শিক্ষার্থী জমা দিয়েছিল স্বরচিত ছড়া-কবিতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, শিশুদের তাদের মতো করে বড় হতে দিতে হবে, সে যেটা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা তাকে তার মতো করে করতে দিতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যে দেশে ধর্মের নামে কোনো হানাহানি হবে না, শান্তিপূর্ণভাবে সব ধর্মের মানুষ বসবাস করবে, সবাই লেখাপড়া করবে, সবাই উন্নত সুন্দর জীবন যাপন করবে। যেখানে থাকবে নাটক, কবিতা, খেলাধুলা। সবাই মিলে আমরা একটা চমৎকার বাংলাদেশ গড়ে তুলতে চাই।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা এই বাংলাদেশের আগামী দিনের সৈনিক, তোমরা নিজেদের গড়ে তোলো, তোমাদের সঙ্গে আমরা আছি।’
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ছড়াকার আলম তালুকদার, প্রথম আলোর সহযোগী সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক, শিশুসাহিত্যিক আখতার হুসেন, কবি আসলাম সানী, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক প্রমুখ।
প্রতিযোগিতায় জমা পড়া ছড়া-কবিতা থেকে বাছাই করা লেখা নিয়ে আমার দেশ আমার মাটি নামের বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
আনিসুল হক বলেন, ‘কিশোর আলো পত্রিকায় আমি লিখতে চাই, পৃথিবীতে একটা শহর আছে, সে শহরে একটা কবিতা লেখার প্রতিযোগিতায় ১৬ হাজার ছেলেমেয়ে অংশগ্রহণ করে।’
ছড়াকার আখতার হুসেন শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমরা নিজেদের মতো করে নিজেদের লেখাটাই লিখবে, অন্যের লেখা থেকে তুলে দেবে না।’ সুজন বড়ুয়া শহীদজননী জাহানারা ইমাম ও তাঁর ছেলে রুমীর যুদ্ধে যাওয়ার কাহিনি শোনান। আলম তালুকদার ও আসলাম সানী বক্তৃতার পাশাপাশি নিজেদের লেখা ছড়া পড়ে শোনান।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ১৯৮ খুদে কবিকে পুরস্কার বিতরণ শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের এ পরিবেশনা হাজারো দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন। শহীদ মিনারের আকাশে তখন জ্বলজ্বল করছিল দ্বাদশীর গোল চাঁদ।