পুরো কুমিল্লা নগরই লকডাউন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরে হু হু করে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা রোগী। নগরবাসীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে, নয়তো ঢাকা। তাতে দেখা যাচ্ছে, কুমিল্লা মেডিকেল কলেজের ল্যাবে পিসিআর পরীক্ষায় প্রতি ১০০টি নমুনার মধ্যে ৩০টিই করোনা ‘পজিটিভ’ হচ্ছে। আর ঢাকায় পাঠানো প্রতি পাঁচজনের নমুনায় একজন করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন।

এ অবস্থায় কুমিল্লা নগরের চারটি ওয়ার্ড (দুটি পুরো, দুটি আংশিক) লকডাউন করা হয়েছে। তবে নগরবাসী করোনা রোধে এই ব্যবস্থায় সন্তুষ্ট নন জানিয়েছেন। তাঁরা পুরো নগরীকে অন্তত ১৪ দিন লকডাউন (অবরুদ্ধ) করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নগরের সব প্রবেশমুখ যত্র দ্রুত সম্ভব বন্ধ করে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। কঠোর ব্যবস্থা নিলে তবেই নগরবাসীকে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে বাঁচানো সম্ভব বলে মনে করছেন তাঁরা।

নগরের বিভিন্ন পেশার অন্তত ২০ জন ব্যক্তির সঙ্গে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কথা বলে এই ধরনের দাবি ও মতামত পাওয়া গেছে। তবে জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধবিষয়ক কমিটির সভাপতি মো. আবুল ফজল মীর বলেন, ‘আমরা আপাতত চারটি ওয়ার্ড রেড জোন করে অবরুদ্ধ করেছি।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের (নগরে) ২৭টি ওয়ার্ডে গতকাল শুক্রবার (১৯ জুন) পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ৬২৩ জন। এর মধ্যে ৩ নম্বর ওয়ার্ডে ৪৭ জন, ১০ নম্বর ওয়ার্ডে ৬৫ জন, ১২ নম্বর ওয়ার্ডে ১৯ জন, ১৩ নম্বর ওয়ার্ডে ৩২ জনসহ মোট শনাক্ত ১৬৩ জন। অপর ৪৬০ জন করোনা রোগী নগরের বাকি ২৩টি ওয়ার্ডে রয়েছেন। সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে নগরের ৩ নম্বর ওয়ার্ড (আংশিক রেসকোর্স এলাকা), ১০ নম্বর ওয়ার্ড (আংশিক ধর্মসাগরপাড়, ঝাউতলা ও তালপুকুরপাড়), ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড রেড জোনের আওতায় এনে অবরুদ্ধ করা হয়েছে। ওই সব এলাকা লকডাউন করার কাজ চলছে।

কুমিল্লা সিটি করপোরেশনে গত ২০ দিনে করোনায় শনাক্ত হয়েছেন ৫০৯ জন। এর মধ্যে ১৯ জুন ৪১ জন, ১৮ জুন ৩৭ জন, ১৭ জুন ১৮ জন, ১৬ জুন ৫৫ জন, ১৫ জুন ১৪ জন, ১৪ জুন ৩৭ জন, ১৩ জুন ৪২ জন, ১২ জুন ৪১ জন, ১১ জুন ৭ জন, ১০ জুন ২৫ জন, ৯ জুন ২৯ জন, ৬ জুন ১৪ জন, ৫ জুন ২২ জন, ৪ জুন ১৭ জন, ৩ জুন ৪৮ জন, ২ জুন ১৪ জন ও ১ জুন ১২ জন ও গত ৩১ মে শনাক্ত হয়েছেন ৩৬ জন।

জানা গেছে, কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ও কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৭ জন। মারা গেছেন ৭১ জন। কুমিল্লা সিটি করপোরেশনে মোট শনাক্ত রোগী ৬২৩ জন। এর মধ্যে জুন মাসের প্রথম ১৯ দিনেই আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন।

কিন্তু নগরবাসীর মনে প্রশ্ন, শুধু দুটি ওয়ার্ড পুরোপুরি ও দুটি আংশিক লকডাউন করে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানো সম্ভব নয়। সমন্বিত পরিকল্পনা নিয়ে টানা ১৪ দিন পুরো নগরীকে লকডাউন করা হলে করোনা সংক্রমণ কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে। দ্রুত এই সিদ্ধান্ত নিলে নগরবাসী শান্তিতে পবিত্র ঈদুল আজহা পালন করতে পারবেন।

জানতে চাইলে কুমিল্লার ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, ‘আংশিক লকডাউন সুবিবেচনাসম্মত বা বিজ্ঞানসম্মত কোনো সিদ্ধান্ত নয়। পুরো সিটি করপোরেশনের সব ওয়ার্ডেই কমবেশি করোনা রোগী আছেন। এ অবস্থায় চার ওয়ার্ড লকডাউন করে যাঁদের সুরক্ষিত করা হয়েছে, তাঁরা তো ১৪ দিন পর অরক্ষিত ওয়ার্ডের মানুষের সঙ্গে মিশে পূর্বের অবস্থায় চলে যাবেন। এ অবস্থায় আমার মতে পুরো নগরী লকডাউন করা হোক।’

কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকার বাসিন্দা ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘কুমিল্লা নগরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হলে পুরো নগর লকডাউন করতে হবে। নগরের প্রবেশপথ আলেখারচর, শাসনগাছা, পদুয়ারবাজার, চৌয়ারা বাজার, চকবাজার ও চাঁনপুর এলাকা বন্ধ করে দিতে হবে। শুধু হাসপাতালে যাওয়ার ব্যবস্থা ও খাদ্যসামগ্রীর গাড়ি চলাচলের ব্যবস্থা থাকবে। প্রত্যেক নেতা ও বিত্তবান লোকজন নিজ নিজ লোকদের দিয়ে ১৪ দিন করে একেকটি নিম্নবিত্ত পরিবারের খাওয়ার দায়িত্ব নেবেন। তাঁরা বাজার করে ঘরে ঢুকে যাবেন। নগরের ২০ হাজার বিত্তবান ব্যক্তি একেকটি পরিবারের দায়িত্ব নিলে এই নগরে করোনার বিস্তার রোধ করা সম্ভব।’

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, কুমিল্লা নগরে নমুনা পরীক্ষায় প্রতি ১০০ জনে গড়ে ৩০ জন করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন। গত ১৯ দিনে ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নগরে ঊর্ধ্বগতিতে বাড়ছে রোগী। এখনই পুরো নগরীকে রক্ষার কথা ভাবা উচিত।