পুরোনো বিভক্তি প্রকাশ্যে

দলের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, কমিটিসহ নানা ইস্যুতে বিরোধে জড়িয়ে পড়েছেন জেলা বিএনপির নেতারা।

  • গত ৩০ ও ৩১ জানুয়ারি রাতে কার্যালয় দুটিতে কেউ তালা লাগিয়ে দেন।

  • দলের একটি অংশের অভিযোগ, দলীয় কোন্দলের কারণেও এ ঘটনা ঘটতে পারে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা জেলার মানচিত্র

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের দিন প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি মাগুরা জেলা বিএনপির দুই পক্ষ আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছে। শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে যার একটি অংশের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। অন্য পক্ষ ফুল দিতে আসে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীবের নেতৃত্বে। এর মধ্য দিয়ে কমিটি, পদ-পদবিসহ নানা দ্বন্দ্বে থাকা মাগুরা বিএনপিতে পুরোনো বিভক্তি আবার স্পষ্ট হয়ে উঠেছে।

দীর্ঘদিন ধরে মাগুরা শহরে জেলা বিএনপির কার্যালয় দুটি। একটি ইসলামপুরপাড়ায়, অন্যটি সদর উপজেলা পরিষদের পাশে ভায়না এলাকায়। একসময় দুটি কার্যালয়ে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালিত হলেও, গত কয়েক বছরে একসঙ্গে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গত ৩০ ও ৩১ জানুয়ারি রাতে কার্যালয় দুটিতে কেউ তালা লাগিয়ে দেন। এ জন্য প্রশাসনকে দায়ী করলেও, দলের একটি অংশের অভিযোগ, বিএনপির দলীয় কোন্দলের কারণেও এ ঘটনা ঘটতে পারে।

দলের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, কমিটিসহ নানা বিষয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন জেলা বিএনপির নেতারা। গত ৪ ডিসেম্বর জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন সদস্যসচিব আকতার হোসেন ও পাঁচজন যুগ্ম আহ্বায়ক। আলী আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, পদ-পদবি নিয়ে বাণিজ্য, কমিটি গঠনে দীর্ঘসূত্রতা ও গত সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।

ওই চিঠিতে সই করা কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি গঠিত হয় ২০১৯ সালের ২৬ আগস্ট। ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির মেয়াদ ছিল তিন মাস। ওই সময়ের মধ্যে জেলার অধীনে থাকা ছয়টি ইউনিটের কমিটি ঘোষণা করার কথা ছিল। এর ধারাবাহিকতায় সম্মেলনের মাধ্যমে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। তবে এরপর প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও মহম্মদপুর, শালিখা ও দক্ষিণ মাগুরা ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা ছাড়া তেমন কিছুই করতে পারেনি। এ জন্য আলী আহমেদের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছে একটি অংশ।

আহ্বায়কের বিরুদ্ধে অভিযোগ দেওয়া নেতাদের একজন জেলা বিএনপির সদস্যসচিব আকতার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি বড় দল। দীর্ঘদিন অনেক ত্যাগী নেতা পদ-পদবি ছাড়া আছেন। অথচ আহ্বায়কের অনীহার কারণে কোথাও কমিটি দেওয়া যাচ্ছে না। পছন্দের অযোগ্য মানুষকে নেতৃত্বে আনার চেষ্টা করেন তিনি। মনে হচ্ছে, ইচ্ছে করেই দলকে সাংগঠনিকভাবে দুর্বল করে রাখতে চাইছেন আহ্বায়ক।’

এসব অভিযোগ অস্বীকার করেছেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি, একটা অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে আমার ভুল নাকি তাঁদের ভুল, সেটা বিবেচনা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেটাই আমরা গ্রহণ করব। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, তবে দলের মধ্যে কোনো বিভক্তি নেই।’

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে দেওয়া চিঠিতে ছয় যুগ্ম আহ্বায়কের একজনই সই করেননি। তিনি হলেন মো. ফারুকুজ্জামান। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে, কোনোভাবেই গ্রুপিং থেকে বের হতে পারছি না। কেউ হয়তো চাইছেন কমিটি ভেঙে যাক, কিন্তু তাতে তো সমাধান হবে বলে মনে হয় না। এত দিনে কমিটি না করতে পারার ব্যর্থতা শুধু আহ্বায়কের ওপর চাপালে হবে না। দায় আমাদের সবাইকে নিতে হবে। ব্যক্তিস্বার্থ পাশ কাটিয়ে দলের স্বার্থ বড় করে দেখলেই কেবল এর সমাধান সম্ভব।’

মাগুরা জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আহ্বায়কের বিরুদ্ধে দেওয়া অভিযোগ ইস্যুতে বিবদমান দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন বিএনপির খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। কোনো সমস্যা যদি থাকে, সাংগঠনিকভাবে আলাপ-আলোচনা করেই সেটার সমাধান করা হবে।