বগুড়া
পুরোনোতে লোকসান, আগাম আলুতে আশা
হিমাগারে আলু রেখে লোকসানে পড়েছেন অনেক কৃষক। এরপরও জেলার শিবগঞ্জে আগাম আলুর চাষ হচ্ছে।
গত মৌসুমে আগাম আলুর দাম ছিল ১ হাজার ২০০ টাকা মণ। প্রতি কেজি ১৮ টাকা।
চলতি মৌসুমে আগাম আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার মেট্রিক টন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সন্ন্যাসী ধোন্দাকোলা গ্রামের স্বপন সরকার (৪২) গত মৌসুমে তিন বিঘা জমিতে আগাম আলু চাষ করেছিলেন। মৌসুমের শুরুর দিকে বাজার চাঙা থাকায় খেতের আলু বিক্রি করে খরচ বাদে তাঁর লক্ষাধিক টাকা লাভ হয়েছিল।
কিন্তু এবার পুরোনো আলুর বাজার মন্দা। হিমাগারে আলু রেখে লোকসানে পড়েছেন অনেক কৃষক। তবু উপজেলাটিতে স্বপন সরকারের মতো আরও অনেক কৃষক আগাম আলুর চাষে ঝুঁকেছেন। তাঁদের মধ্যে স্বপন একাই তিন বিঘা জমিতে আগাম আলু চাষ করেছেন।
সম্প্রতি উপজেলার উথলি, সন্ন্যাসী ধোন্দাকোলা, নারায়ণপুর, এনায়েতপুর, গুজিয়া, উত্তর শ্যামপুর, মাঝপাড়া, রায়নগর, অনন্তবালাসহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে আগাম আলু চাষে কৃষকদের ব্যস্ততা দেখা গেছে। খেত থেকে আগাম জাতের আমন ধান ছাড়াও শীতকালীন সবজি তুলে সেখানে আলু লাগানোর জন্য জমি তৈরি, সার ছিটাচ্ছেন কৃষকেরা। দেশি পাকরি, গ্রানুলা, কার্ডিলালসহ নানা জাতের আলু রোপণ করা হচ্ছে জমিতে।
আগাম জাতের আলু রোপণের ৭০-৭৫ দিনের মধ্যে খেত থেকে তুলে তা বিক্রি করা যায়। সন্ন্যাসী ধোন্দাকোলা গ্রামের কৃষক গজেন সরকার (৫৭) বলেন, ‘গতবারত দুই বিঘা জমিত আগুর আলু লাগাচিলাম। বাম্পার ফলন, লাভও ভালো হচে। কিন্তু এবার হিমাগারত রাখা আলু কেউ খাচ্চে না। লোকসানের শঙ্কা আচে, তারপরও ঝুঁকি লিয়ে খ্যাতত আগুর আলু লাগাচ্চি।’
গত মৌসুমে আগাম আলুর দাম ছিল প্রতি মণ ১ হাজার ২০০ টাকা। প্রতি কেজির দাম ছিল ১৮ টাকা। অনেক কৃষক এই আলু তখন বিক্রি না করে হিমাগারে রেখেছিলেন। কিন্তু পরে সে আলু কৃষকেরা প্রতি কেজি বিক্রি করেন ১১ টাকায়।
নারায়ণপুর গ্রামের কৃষক হরিশঙ্কর সরকার বলেন, শিবগঞ্জের মাটি আলু চাষের জন্য খুবই উপযোগী। এ ছাড়া আগাম আলুর চাষও খুব লাভজনক। এ কারণে হিমাগারে রেখে লোকসান হলেও তিনিসহ পরিচিত কৃষকেরা আগাম আলুর চাষ করছেন। এ আলু খেত থেকে তোলার পরপরই বিক্রি করে লাভ পাওয়া যায়।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মৌসুমে জেলায় ১৪ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল। এর মধ্যে ৩৬টি হিমাগারে আলু সংরক্ষণ হয়েছিল প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন। হিমাগারে আলু রেখে অর্ধেক টাকাও ফেরত পাননি কৃষকেরা। তবু লাভের আশায় এবারও শিবগঞ্জ, বগুড়া সদর, গাবতলী, নন্দীগ্রামসহ কয়েকটি উপজেলায় আগাম আলু চাষের ধুম পড়েছে।
চলতি মৌসুমে ৫৮ হাজার হেক্টর জমিতে ১৩ লাখ মেট্রিক টন আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আগাম আলুর লক্ষ্যমাত্রা ১২ হাজার মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেন বলেন, এবার সবজির ভালো দাম মিলছে। আগাম আলুর দামও ভালো মিলতে পারে। হিমাগারে সংরক্ষণ করা পুরোনো আলুর দাম কম হলেও, আগাম আবাদ করা নতুন আলুতে লোকসানের তেমন শঙ্কা নেই।