‘পুল না হইলে ভোট দিবার যাইম না’
পানির স্রোতে রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী নদীর শাইলবাড়ি খেয়াঘাটের বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। এতে দুর্ভোগে পড়েছে ১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। অতিরিক্ত চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের উপজেলা শহরে যাতায়াত করতে হচ্ছে।
উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে শাইলবাড়ি গ্রাম। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে চিকলী নদী। ওই নদীর শাইলবাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের জন্য এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানালেও পাকা সেতু নির্মাণ করা হয়নি। এলাকার মানুষ চাঁদা দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছিল। কিন্তু বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানির স্রোতে গত সোমবার একমাত্র সাঁকোটি ভেঙে ভেসে গেছে। এতে দুর্ভোগ পড়েছে ওই গ্রামগুলোর মানুষ।
আজ শনিবার সরেজমিন দেখা যায়, সাঁকোটি মাঝবরাবর ভেঙে নদীতে পড়ে আছে। মানুষ অতিরিক্ত পথ ঘুরে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছে। ভাঙা সাঁকোর ছবি তুলতে দেখে এগিয়ে আসেন শাইলবাড়ি গ্রামের শাহিদা বেগম (৪২)। আক্ষেপ করে তিনি বলেন, ‘ফটো তোলোছেন এটে কি পুল হইবে? পুল না হইলে ভোট দিবার যাইম না, ভোটের স্লিপ ছিঁড়ি ফেলাইম।’
শাহিদার সঙ্গে সুর মিলিয়ে দর্জিপাড়া গ্রামের আর্জিনা বেগম (৩২) বলেন, ‘মোর কোনো জমিজাগা নাই। স্বামীর কোমরোত ব্যথার তকনে কাম কইরার পায় না। মোর কষ্ট দেখি ইউএনও স্যার শাইলবাড়ি ঘাটের পাশোত উচ্চগ্রামোত (আশ্রয়ণ প্রকল্পে) পাকা ঘর দিছে। মাইনসের বাড়িত কামকাজ করি আসি শান্তিতে ঘুমাও। কিন্তু বাঁশের সাঁকো কোনা ভাঙি যাওয়ায় মোর তো যাওয়া–আইসার খুব সমস্যা হইছে।’
ভীমপুর গ্রামের দিনমজুর শহিদুল ইসলাম (৪০) বলেন, ‘অনেক কষ্ট করি চাঁদা তুলি এটে সোবায় মিলি সাঁকো কোনা বানাছনো। তাক এবার পানির স্রোতোত ভাঙি গেল। এতে হামার যাতায়াতোত খুব কষ্ট হওছে। সরকারেরটে হামার একটাই দাবি, এটে একনা পুল বানে চাই।’
মহেশখোলা গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ আবদুস সাত্তার বলেন, ‘যুদ্ধের পর থাকি যতবারে ভোট হইছে, ততবারে নেতারা কথা দিছে এটে সেতু বানে দেবে। কিন্তু ভোট শ্যাষ হইলে আর কাকো পাওয়া যায় না। সেতুর আশায় জীবনই শ্যাষ হইল। তা–ও এটে সেতু হইল না। এটে এখান সেতু বানাইতে কি সমস্যা?’
আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, ‘শাইলবাড়ি ঘাটে পাকা সেতু নির্মাণের জন্য স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে দাবি জানানো হয়েছে। বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় দর্জিপাড়া, খ্যানপাড়, ডাঙ্গাপাড়া, মহেশখোলা, শাইলবাড়ি, নলুয়ারডাঙ্গা, প্রামাণিকপাড়া, কোরানীপাড়া, ভীমপুর, মৌলভীপাড়া, বানিয়াপাড়াসহ ১২টি গ্রামের ১০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। ইউপির বরাদ্দ না থাকায় বাঁশের সাঁকোটি সংস্কার করতে পারছি না।’
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আহম্মেদ হায়দার জামান বলেন, ‘ভাই, আমাদেরও খারাপ লাগে। কিন্তু বরাদ্দ না পেলে সেতু বানাব কী দিয়ে। এক বছর আগে বরাদ্দ চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। এখনো বরাদ্দ মেলেনি। বরাদ্দ পেলেই ওই স্থানে নতুন সেতু নির্মাণ করা হবে।’