পুলিশ ও মন্ত্রণালয়ের প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় ও পুলিশের প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ২৯ মে ওই প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে দাখিল করা অগ্রগতি প্রতিবেদন এসেছে। এ দুটি প্রতিবেদন হলফনামা আকারে আগামী রোববার আদালতে দাখিল করা হবে।
মোতাহার হোসেন আরও বলেন, ঘটনার দিনই নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনাটি প্রাথমিকভাবে পুলিশের কাছে অ-আমলযোগ্য অপরাধ মনে হওয়ায় তদন্তের সুপারিশ চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তদন্তের নির্দেশ দেওয়ার পর তদন্ত শুরু হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ৮ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে শাসন করার সময় শ্যামল কান্তি ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। পরে ১৩ মে বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভা চলার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাঁর শাস্তির দাবিতে লোক জড়ো করা হয়। এরপর উত্তেজিত লোকজন তাঁকে মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির সাংসদ এ কে এম সেলিম ওসমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রধান শিক্ষককে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়।