পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফারুক আহম্মেদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে শোলপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইয়াছিন হাওলাদার ও তাঁর ভাই মোজাম্মেল হাওলাদারকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেছেন।
এদিকে ওই ঘটনার সময় করিমন নেছা নামের এক নারীকে মারধরের অভিযোগে চেয়ারম্যান ইয়াছিনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। করিমনের মেয়ে জান্নাতুল নাইমা বাদী হয়ে করা মামলায় চেয়ারম্যান, তাঁর ভাইসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে চেয়ারম্যান, তাঁর ভাইসহ আসামিরা পলাতক রয়েছেন।

পালং মডেল থানা সূত্র জানায়, সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চিকন্দী গ্রামের মৃত গনি হাওলাদারের ছেলে রাজ্জাক মানসিক ভারসাম্যহীন। এ কারণে রাজ্জাককে শিকল দিয়ে বেঁধে বাড়িতে রাখেন তাঁর মা করিমন নেছা। ১৭ আগস্ট রাজ্জাক শিকলসহ বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাত একটার দিকে প্রতিবেশী কাদের হাওলাদারের বাড়িতে গিয়ে তাঁদের বিরক্ত করতে থাকেন। তখন ওই বাড়ির কয়েকজন মিলে রাজ্জাককে মারধর করেন। আহত ছেলেকে হাসপাতালে ভর্তি করেন করিমন নেছা। পরে তিনি পালং মডেল থানায় অভিযোগ করেন।

পালং থানার ওসির নির্দেশে বিষয়টি তদন্ত করতে যান চিকন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহম্মেদ। তদন্ত কর্মকর্তার উপস্থিতিতেই ওই ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হাওলাদারের ভাই মোজাম্মেল হাওলাদার করিমন নেছাকে মারধর করেন। তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হাওলাদারকে নিবৃত্ত করতে চাইলে তাঁকেও লাঞ্ছিত করা হয়। তাঁদের মারধর করে চেয়ারম্যান তাঁর ভাই মোজাম্মেলকে নিয়ে পালিয়ে যান।

পরিদর্শক ফারুক আহম্মেদ প্রথম আলোকে বলেন, পুলিশের উপস্থিতিতে চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার ও তাঁর ভাই এক নারীকে মারধর করছিলেন। তিনি নিবৃত্ত করার চেষ্টা করছিলেন। এ সময় তাঁকেও লাঞ্ছিত করেন। তাৎক্ষণিক এমন একটি ঘটনা সামলে উঠতে উঠতে ওই চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে ওই স্থান থেকে পালিয়ে যান। পরে থানায় মামলা করা হয়েছে।

ঘটনার পর থেকে চেয়ারম্যান ইয়াছিন হাওলাদার ও তাঁর ভাই মোজাম্মেল এলাকা থেকে পলাতক রয়েছেন। তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। তবে চেয়ারম্যানের এক স্বজন প্রথম আলোকে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। একটি তদন্তকাজের সময় কিছু অসত্য কথা উপস্থাপন নিয়ে এক নারীর সঙ্গে চেয়ারম্যান ও তাঁর ভাইয়ের কথা-কাটাকাটি থেকে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তখন পুলিশের এক কর্মকর্তার সঙ্গে ভুল–বোঝাবুঝি হয়।


পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান ইয়াছিন হাওলাদারের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তিনি পুলিশের সামনে এক নারীকে মারধর করেছিলেন। ওই ঘটনায় বাধা দিলে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।